এবার আডবানী-জয়শঙ্করদেরও SIR নোটিস! বাদ গেলেন না নির্বাচন কমিশনারও
"নামে ভুল, লজিক্যাল ডিসক্রিপেন্সি! কপিল সিব্বল থেকে বিদেশ সচিব, এসআইআর তালিকায় একের পর এক হেভিওয়েট!
Truth of Bengal: দেশের নির্বাচনী তালিকায় তথ্য ও নথি সংশোধনের উদ্দেশ্যে চলা এসআইআর (SIR) প্রক্রিয়াকে ঘিরে এবার জাতীয় রাজনীতিতে চরম শোরগোল পড়ে গেল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার এসআইআর নোটিস পাঠানো হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে! এখানেই শেষ নয়, কমিশনের নোটিস পাওয়ার তালিকায় রয়েছেন স্বয়ং নির্বাচন কমিশনার এস. এস. সান্ধু, প্রবীণ কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি-সহ একাধিক জাতীয় স্তরের হেভিওয়েট ব্যক্তিত্ব।
হঠাৎ কেন দেশের এমন প্রথম সারির প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নোটিস পাঠানো হল? কমিশন সূত্রে জানা গিয়েছে, মূলত নির্বাচনী নথিপত্রে নামের বানানের ভুলভ্রান্তি এবং পূর্ববর্তী এসআইআর তথ্যের সঙ্গে বর্তমান নথির অমিল বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র (Logical Discrepancy) কারণেই এই পদক্ষেপ। যেমন, নির্বাচন কমিশনার এস. এস. সান্ধুকে নোটিস দেওয়া হয়েছে তাঁর নথিতে নামের বানানের তারতম্যের জন্য। অন্যদিকে, আগের এসআইআর ডেটাবেসের নথির সঙ্গে বর্তমান তথ্যের সরাসরি ‘ম্যাপিং’ না হওয়ার দরুন নোটিস পেয়েছেন কাপিল সিব্বল ও বিদেশ সচিব বিক্রম মিস্রি। হেভিওয়েটদের ক্ষেত্রে অধিকাংশ নোটিসই ডেটার এই গরমিল সংশোধনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, তালিকায় কেবল কেন্দ্রীয় স্তরের নেতারাই নন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও এসআইআর নোটিস পাঠিয়েছে কমিশন। এ ছাড়াও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রবীণ নেতা সুব্রহ্মণ্যম স্বামী এবং দিল্লির মন্ত্রী পারভেশ সিংয়ের কাছেও পৌঁছেছে কমিশনের সংশোধনী চিঠি। দিল্লির খোদ বর্তমান মুখ্যমন্ত্রীকে নোটিস দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হতেই স্পষ্টীকরণ জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি; প্রাথমিক পর্যায়ে তথ্যের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যই তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিএলও (BLO) সরাসরি তাঁর বাসভবনে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে সমস্ত তথ্য সঠিকভাব যাচাই করে নিয়েছেন। অন্যদিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম বাদ পড়ার প্রসঙ্গে কমিশনের দাবি, তিনি বা তাঁর পরিবারের সদস্যরা নির্ধারিত সময়ে আগের এসআইআর তথ্যের সঙ্গে বর্তমান নথি ম্যাপ না করার ফলেই এই টেকনিক্যাল বিভ্রাট ঘটেছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন।






