বাড়ল এস জয়শঙ্করের নিরাপত্তা, দেওয়া হল বিশেষ বুলেটপ্রুফ গাড়ি
S Jaishankar's security increased, special bulletproof car provided

Truth Of Bengal: ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে উত্তেজনা। এই পরিস্থিতিতে আচমকাই নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ২০২৩ সালেই ওয়াই থেকে জেড ক্যাটেগরিতে উন্নীত করা হয়েছিল তাঁর নিরাপত্তা কভার। এবার তা আরও জোরদার করা হয়। জানা গিয়েছে, এবার থেকে বুলেটপ্রুভ গাড়ি পাবেন বিদেশমন্ত্রী।
সেইসঙ্গে তাঁর দিল্লির বাড়িতেও আরও আঁটসাট করা হল নিরাপত্তা।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলা থেকে অপারেশন সিঁদুর, বর্তমান ভারত-পাক সংঘাত পরিস্থিতিতেই নেওয়া হল এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জয়শঙ্করের আগেই রয়েছে জেড-ক্যাটাগরির নিরাপত্তা। যা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কমান্ডোরা প্রদান করে। ৩৩ জন কমান্ডোর একটি দল তাকে সার্বক্ষণিক সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে। আর এবার থেকে আরও বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা।
উল্লেখ্য, দেশের তৃতীয় সর্বোচ্চ নিরাপত্তা বলয় জেড ক্যাটাগরির নিরাপত্তা। এই ক্যাটাগরির অন্তর্গত ২২ জন নিরাপত্তা রক্ষী। যার মধ্যে ৪-৫ জন এনএসজি কমান্ডো এবং স্থানীয় পুলিশও রয়েছে। মন্ত্রী ছাড়াও সাধারণত উচ্চ পদস্থ রাজনীতিবিদ, শীর্ষ নেতা এবং সেলিব্রিটিরা এই ধরনের নিরাপত্তা পেতে পারেন। এ ছাড়া বিশিষ্ট কোনও ব্যক্তি প্রাণনাশের হুমকি পেলেও এই ধরনের নিরাপত্তা পেতে পারেন।
২০২৩ সালের আগে জয়শঙ্করের নিরাপত্তা ওয়াই থেকে জেড ক্যাটাগরি করা হয়। সেইসময় নিরাপত্তার অংশ হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে ১২ জন সশস্ত্র গার্ডও মোতায়েন করা হয়। সঙ্গে ছয়জন ব্যক্তিগত নিরাপত্তা। তিন শিফটে মোতায়েন থাকে ১২ জন সশস্ত্র এসকর্ট কমান্ডো, প্রশিক্ষিত ড্রাইভার ও গার্ড। সম্প্রতি লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শংকরের উপর হামলার চেষ্টা করে খলিস্তানিরা। বিদেশের মাটিতে ভারতের বিদেশমন্ত্রীর নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠে যায়। এই আবহে এবার নিরাপত্তা বাড়ান হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।






