পুজোর মুখেই বয়ে যাবে প্রলয়! আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপগ্রহ চিত্রে ধেয়ে আসার আতঙ্কে কাঁপছে বাংলা!
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা! পুজোর আগেই কোন কোন জেলায় তাণ্ডব চালাবে আবহাওয়া?
Truth of Bengal: আর এক মাসও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। পুজোপ্রেমী মানুষজন ইতিমধ্যেই নতুন জামাকাপড় কেনাকাটার আনন্দে মেতে উঠেছেন, অন্যদিকে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এই আনন্দের মেজাজের মাঝেই বঙ্গবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল মহাকাশ থেকে আসা উপগ্রহ চিত্র। উৎসবের আনন্দ পুরোপুরি মাটির নিচে পুঁতে দিতে ধেয়ে আসছে নতুন এক ঘূর্ণিঝড়! লাগাতার ঘূর্ণাবর্তের প্রভাবে এমনিতেই উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে অবিরাম বৃষ্টি চলছে। তার মাঝেই এবার সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রলয়ের নতুন অশনিসংকেত দিল আবহাওয়া সংক্রান্ত আন্তর্জাতিক পূর্বাভাস।
স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে জানা গিয়েছে, উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি দ্রুত শক্তি সঞ্চয় করে শনিবার সন্ধ্যার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আমেরিকান আবহাওয়া সংক্রান্ত মডেল ‘জিএফএস’ (GFS) স্পষ্ট দাবি করেছে, এই সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে পূর্ণাঙ্গ এক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে। আন্তর্জাতিক নিয়ম মেনে যদি এই নিম্নচাপটি রূপ নেয় ঘূর্ণিঝড়ে, তবে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের তালিকা অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’। নাম প্রস্তাব করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। তবে ভারতের মৌসম ভবন (IMD) আপাতত পরিস্থিতিটিকে কড়া নজরদারিতে রেখেছে।
বর্তমানে একটি তীব্র মৌসুমি অক্ষরেখা গুজরাটের সৌরাষ্ট্র থেকে রাঁচি ও দিঘার ওপর দিয়ে সোজা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আরও একটি সক্রিয় অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে। জোড়া অক্ষরেখার দাপটে রাজ্যজুড়ে লাগাতার নাছোড়বান্দা বৃষ্টি জারি রয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমের ছয়টি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) বলবৎ থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার তিলোত্তমা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা পুজোর কেনাকাটায় কিছুটা হলেও বিঘ্ন ঘটাচ্ছে।






