হাইকোর্টে স্বস্তি মমতার! ধর্মতলায় বাংলাদেশ মন্তব্যের জন্য জনস্বার্থ মামলা খারিজ
বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়
Truth of Bengal: ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বাংলাদেশের একটি ঘটনাকে ঘিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর আগে গত ১ সেপ্টেম্বর মামলাটি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। রাজ্যের তরফে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের কারণে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। রাজ্যের রিপোর্ট বিবেচনার পরই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় আদালত।
ঘটনার সূত্রপাত গত ২ জুন। ধর্মতলার ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের একটি ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছিলেন মমতা। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, ওই ধরনের বক্তব্য ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এর পর অভ্রতনু সরকান নামে এক ব্যক্তি কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তবে মামলাটি আদৌ জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য কি না, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত। তৎকালীন প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জানতে চেয়েছিল, বিষয়টিকে কেন জনস্বার্থ মামলার আওতায় আনা হবে। জনস্বার্থ মামলাকে উদ্দেশ্যহীনভাবে ‘টুল’ হিসেবে ব্যবহার না করার বিষয়েও আদালত সতর্ক করেছিল।
বুধবার রাজ্যের রিপোর্ট জমা পড়ার পর বর্তমান প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। ফলে ওই মন্তব্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার আপাতত এখানেই ইতি।





