রাজ্যের খবর

প্রতিটি জেলায় জওহর নবোদয়ের ধাঁচে ‘সিএম শ্রী’ স্কুল! শিক্ষক দিবসে শুভেন্দুর মেগা ঘোষণা

তৃণমূল আমলের ‘ভাঙাচোরা’ শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে বিপ্লব! ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তির নয়া মডেল

Truth of Bengal: বিগত তৃণমূল সরকারের জমানায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে শিকেয় ওঠা পরিকাঠামো, চরম বিশৃঙ্খলা ও অবক্ষয়ের মুখোমুখি হয়েছিল পশ্চিমবঙ্গের গোটা স্কুলশিক্ষা ব্যবস্থা। তবে রাজ্যের দায়িত্ব নেওয়ার পর সেই ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে এবং জাতীয় শিক্ষা নীতির (NEP) আলোয় আধুনিক করে তুলতে বদ্ধপরিকর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার শিক্ষক দিবসের সকালেই রাজ্যের শিক্ষার গুণগত মান বহুগুণ বাড়াতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এক যুগান্তকারী ও মেগা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বিদ্যালয় ও জহোর নবোদয় বিদ্যালয়ের আদলে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আপাতত দুটি করে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেগুলির নাম দেওয়া হয়েছে ‘সিএম শ্রী’ (CM Shri) বা ‘মুখ্যমন্ত্রী শ্রী’ ইনস্টিটিউট।

শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘বিদ্যাসাগর শিক্ষক সম্মান’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যের ভেঙে পড়া শিক্ষাকাঠামো তুলে ধরে বিগত তৃণমূল জমানার নিয়োগ দুর্নীতি ও সামগ্রিক স্থবিরতাকে কড়া ভাষায় নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী আক্ষেপের সুরেই মনে করিয়ে দেন যে, পূর্ববর্তী সরকারের অদূরদর্শিতা ও দুর্নীতির কারণেই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের শিক্ষার মান তালিকার তলানিতে গিয়ে ঠেকেছিল।

এই পরিস্থিতি বদলাতে নিজের সরকারের রোডম্যাপ স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের প্রতিটি জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি করা হবে। এগুলি হবে জওহর নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো আধুনিক ও সেরা মানের মডেল স্কুল। ষষ্ঠ শ্রেণি থেকে স্বচ্ছ ও সর্বভারতীয় মানের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের এই স্কুলগুলিতে ভর্তি নেওয়া হবে।”

প্রকল্পের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী জানান, এই স্কুলগুলিতে সেরা মানের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পাশাপাশি আধুনিক ডিজিটাল ল্যাব, ক্লাসরুমে স্মার্ট বোর্ড, উন্নত ক্রীড়া পরিকাঠামো এবং কম্পিউটার গবেষণাগার থাকবে। প্রথম দফায় প্রতিটি জেলায় দুটি করে সিএম শ্রী স্কুল তৈরি হলেও, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে মেধাবী ও আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ স্কিমটি আরও সুসংগঠিতভাবে চালু থাকবে বলেও বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles