আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Truth of Bengal: বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যে আরও কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টির দাপট সোমবার পর্যন্ত বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবারের পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।
রবিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও রবিবার ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়া রবিবার ও সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। শুধু বৃষ্টিই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গে অবশ্য ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ৩১ অগস্টের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কমতে পারে। তবে তার আগে উপকূল ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






