রাজ্যের খবর

গাছে রাখী বেঁধে পরিবেশ রক্ষার অঙ্গীকার! অযোধ্যা কালিদাসি বিদ্যানিকেতনের পড়ুয়াদের অনন্য উদ্যোগ

পড়ুয়াদের এই উদ্যোগের মধ্য দিয়ে গাছ কাটা বন্ধ করা এবং সবুজ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : ভাই-বোনের সম্পর্কের পাশাপাশি প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের বার্তা তুলে ধরে অভিনবভাবে রাখীবন্ধন পালন করল অযোধ্যা কালিদাসি বিদ্যানিকেতন। বৃহস্পতিবার বিদ্যালয়ের পড়ুয়ারা বালুরঘাট-অযোধ্যা রাস্তার ধারে থাকা বিভিন্ন গাছে রাখী বেঁধে পরিবেশ রক্ষার বার্তা দেয়। গাছকে আপনজন হিসেবে গ্রহণ করে তাদের সুরক্ষার অঙ্গীকারও করে পড়ুয়ারা।এদিন দিয়া, নন্দিতা, রিমি, সম্পা, রাজ, সুজিত ও দেবজিৎ-সহ বিদ্যালয়ের পড়ুয়ারা সাইকেল চালিয়ে বালুরঘাট-অযোধ্যা রাস্তার পাশে পৌঁছয়। এরপর রাস্তার ধারে থাকা গাছগুলিতে রাখী পরিয়ে দেয় তারা।

পড়ুয়াদের এই উদ্যোগের মধ্য দিয়ে গাছ কাটা বন্ধ করা এবং সবুজ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে পরিবেশ ও বাংলার মাটির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরে গাওয়া হয় ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি।রাখীবন্ধন উৎসবের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার কথাও পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি রাখীর মাধ্যমে গাছের সঙ্গে মানুষের বন্ধন আরও দৃঢ় করার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

বিদ্যালয়ের শিক্ষক তথা পরিবেশকর্মী তুহিনশুভ্র মণ্ডলের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।তুহিনশুভ্র মণ্ডল বলেন, “এই রাস্তায় আগে অনেক গাছ কাটা পড়ত। আমাদের প্রতিবাদ, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির ফলে এখন সেই ঘটনা অনেকটাই কমেছে। গাছের সঙ্গে পড়ুয়াদের বন্ধুত্ব যাতে আরও দৃঢ় হয়, সেই কারণেই রাখীবন্ধনের এই উদ্যোগ।”তাঁর কথায়, গাছের সঙ্গে রাখীর বন্ধন তৈরি করার মাধ্যমে ছোটদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পড়ুয়ারাও জানায়, শুধু রাখী পরানো নয়, আগামী দিনেও গাছগুলিকে রক্ষা করার বিষয়ে তারা সচেতন থাকবে। এদিনের কর্মসূচিতে রাখীবন্ধন উৎসবের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা মিলেমিশে একাকার হয়ে ওঠে।

Related Articles