“বাংলার বাতাসে এখন উন্নয়নের নতুন গন্ধ!”, গার্ডেনরিচে শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের
বন্ধ কারখানার দিন শেষ! ৩৪০০ কোটি টাকার প্রজেক্টের সূচনা করে মেগা ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Truth of Bengal: “রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত, কিন্তু এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে।” গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের (GRSE) মেগা কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় এসে এইভাবেই রাজ্যের পরিবর্তিত শিল্প আবহাওয়ার প্রশংসা করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে তিনি জানান, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সঠিক পথেই শিল্পের বিকাশ ও পরিকাঠামোগত উন্নয়ন ঘটাচ্ছে।
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের পরিধি আরও সম্প্রসারিত করতে রবিবার ৩৪০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস ও ভূমিপূজো সম্পন্ন হয়। ভারতে প্রতিরক্ষা উৎপাদন ও জাহাজ নির্মাণে এই বিনিয়োগকে এক বিরাট পরিবর্তন হিসেবে বর্ণনা করেন প্রতিরক্ষামন্ত্রী। শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দিয়ে রাজনাথ সিং বলেন, “বাংলার বাতাসে এখন এক নতুন গন্ধ। এটি শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সরকার গঠনের পর যে কাজ শুরু হয়েছে, তা আসলে প্রকৃত উন্নয়নের পথ দেখায়।”
রাজ্যের অতীত পরিস্থিতি ও বর্তমান উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন, এতদিন বাংলায় শুধু একের পর এক কারখানা বন্ধ হওয়ার খবর মিলত। কিন্তু এখন আর সেই হতাশার খবর নেই, চারিদিকে শুধুই নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, উদ্দেশ্য সৎ থাকলে উন্নয়নের গতিকে কেউ আটকে রাখতে পারবে না। স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির মতো প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে রাজ্যে চোখে পড়ার মতো পরিবর্তন আসছে।
পাশাপাশি, সীমান্ত সুরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন রাজনাথ সিং। তিনি জানান, সাম্প্রতিক পালাবদলের পর সীমান্ত সুরক্ষাকে মজবুত করতে রাজ্য সরকারের তরফে প্রায় ১১০০ একর জমি প্রদান করা হয়েছে, যা এতদিন আটকে ছিল। এই নতুন প্রকল্পগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন শিল্প নবজাগরণের জন্ম দেবে এবং স্থানীয় পরিকাঠামো বৃদ্ধিতে দীর্ঘমেযাদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।






