‘কাঁচাবাদাম গার্ল’ এবার সীতার ভূমিকায়! ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র টিজার আসতেই বয়কটের দাবি
"টাকার বিনিময়ে এক রাতের অভিজ্ঞতা...", পুরোনো বিতর্ক উসকে অঞ্জনী অরোরাকে সীতারূপে মেনে নিতে নারাজ ক্ষুব্ধ নেটপাড়া!
Truth of Bengal: রণবীর কাপুরের মেগাবাজেট ‘রামায়ণ’ নিয়ে যখন গোটা দেশের দর্শকমহলে তুমুল আগ্রহ, ঠিক তখনই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ ছবিটিকে কেন্দ্র করে শুরু হল চরম বিতর্ক। মঙ্গলবার ছবিটির ৯০ সেকেন্ডের টিজার প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় বিতর্কের আগুন জ্বলে উঠেছে। যার মূলে রয়েছেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি অরোরা। ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে রিল বানিয়ে রাতারাতি পরিচিতি পাওয়া অঞ্জলিকে দেবী সীতার চরিত্রে দেখেই খেপে উঠেছেন নেটিজেনদের একাংশ। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ইতিমধ্যেই সিনেমাটি বয়কট এবং নিষিদ্ধ করার দাবি উঠেছে।
৯০ সেকেন্ডের সেই প্রচারঝলকে রাম-সীতার বিবাহ, বনবাস থেকে শুরু করে সীতাহরণ এবং রামসেতু নির্মাণের মতো মহাকাব্যের নানা দৃশ্য উঠে এসেছে। ছবিতে ‘রাম’ চরিত্রে অভিনয় করা দেব শর্মাকে নিয়ে বিশেষ আলোচনা না হলেও, ‘সীতা’ অঞ্জলি অরোরাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, টিজার প্রকাশের পরই চরম বিপাকে পড়েছেন ছবির নির্মাতারা। নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘একজন চরম বিতর্কিত ইনফ্লুয়েন্সারকে কীভাবে মা সীতার পবিত্র চরিত্রে কাস্ট করা হল?’ অনেকেই এই ছবিকে ঠাট্টা করে ‘৩ ঘণ্টার ইনস্টাগ্রাম রিল’ বলে কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ একে ‘আদিপুরুষ’-এর চেয়েও খারাপ বলে তোপ দেগেছেন।
অঞ্জলিকে নিয়ে এই তীব্র ক্ষোভের নেপথ্যে রয়েছে তাঁর অতীত বিতর্ক। সোশাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার পর কঙ্গনা রানাউতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই নিজের ব্যক্তিগত জীবনের এক বিস্ফোরক অধ্যায় প্রকাশ করে সংবাদের শিরোনামে আসেন অঞ্জলি। তিনি জানান, রাশিয়ায় ঘুরতে গিয়ে আর্থিক প্রয়োজনে এক হোটেল রিসেপশনিস্টের থেকে ৫ হাজার রুবল নিয়ে তাঁর সঙ্গে রাত কাটিয়ে পার্টি করেছিলেন। এছাড়া, অতীতে একটি আপত্তিকর এমএমএস (MMS) ভাইরালের ঘটনাতেও অঞ্জলির নাম জড়িয়ে চরম শোরগোল পড়েছিল।
অঞ্জলির সেইসব বিতর্কিত অতীতকে মনে করিয়ে দিয়েই ক্ষুব্ধ দর্শকমহল প্রশ্ন তুলেছেন, ‘হিন্দুরা কেন এত সহনশীল?’ একাংশের মতে, দেবী সীতার মতো একটি শ্রদ্ধেয় অবয়বে এমন বিতর্কিত ব্যক্তিত্বকে মেনে নেওয়া কোনওভাবেই সম্ভব নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ছবির মুক্তি ও অঞ্জলি অরোরার অভিনয় জীবন বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।




