Kriti Sanon: স্টাইলিশ লুকে মুম্বই ছাড়লেন কৃতি শ্যানন, রাজস্থানে বসছে বিয়ের আসর
তবে বিমানবন্দরের ভিড়ে কেবল শ্যানন পরিবারই নয়, পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন আরও এক বিশেষ ব্যক্তি।
Truth of Bengal: বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পরিবারে এখন উৎসবের আমেজ। দীর্ঘদিনের প্রেমিক তথা জনপ্রিয় গায়ক স্টেবিন বিনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কৃতির বোন নূপুর শ্যানন। রাজস্থানের উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে আয়োজিত হতে চলেছে এই হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠান। সেই উপলক্ষেই মা-বাবা এবং হবু বর স্টেবিনকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের কলিনা বিমানবন্দর থেকে রাজস্থানের উদ্দেশে রওনা দিলেন কৃতি।
তবে বিমানবন্দরের ভিড়ে কেবল শ্যানন পরিবারই নয়, পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন আরও এক বিশেষ ব্যক্তি। গুঞ্জন শোনা যাচ্ছে, কৃতির ‘গোপন’ প্রেমিক কবীর বহিয়াও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তাঁদের সঙ্গেই উদয়পুর পাড়ি দিয়েছেন। কালো ওভারকোট, ঢিলেঢালা জিন্স আর রোদচশমায় কৃতির স্টাইলিশ লুক নজর কেড়েছে ঠিকই, কিন্তু কবীরের উপস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে।
সপ্তাহখানেক আগেই বিদেশের এক বিলাসবহুল প্রমোদতরীতে আংটিবদল সেরেছিলেন নূপুর ও স্টেবিন। আগামী ১১ জানুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হবে। এরপর ১৩ জানুয়ারি মুম্বইতে একটি জমকালো রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে নবদম্পতির। উল্লেখ্য, নূপুর শ্যানন ২০১৯ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘ফিলহাল’ মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। পরে বড় পর্দায় অভিনয় শুরু করলেও সেখানে বিশেষ সুবিধা করতে পারেননি। তবে নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ফ্যাশন নব’-এর হাত ধরে তিনি সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।






