‘একটি গাছ মায়ের নামে’: মোহরকুঞ্জে বৃক্ষরোপণ মুখ্যমন্ত্রীর, পরিবেশ সুরক্ষায় বিশেষ বার্তা
মঙ্গলবার কলকাতার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে সামিল হয়ে নিজের হাতে বৃক্ষরোপণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Truth of Bengal: ‘একটি গাছ একটি প্রাণ’ – প্রবাদবাক্যটি শুধুই কথায় বা লেখায় সীমাবদ্ধ না রেখে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত না করলে মানবজাতির সমূহ বিপদ। বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়া যে চরম রূপ ধারণ করছে, তাতে সবুজ রক্ষা করার গুরুত্ব এখন আরও স্পষ্ট। মঙ্গলবার কলকাতার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে সামিল হয়ে নিজের হাতে বৃক্ষরোপণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে পরিবেশ রক্ষা ও রোপণ করা গাছের সঠিক পরিচর্যা নিয়ে এক বিশেষ বার্তা দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সবুজায়নের তাৎপর্য তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অনেকেই গাছ লাগানোর পর কেবল ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু ছবি তোলার মাধ্যমেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং অন্তত ২ বছর ধরে সেই গাছটির সঠিকভাবে যত্ন ও পরিচর্যা নিশ্চিত করতে হয়। তিলোত্তমা কলকাতাকে সুন্দর ও দূষণমুক্ত রাখতে হলে শহরের ফুসফুসকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি, যার জন্য শহরের আনাচেকানাচে প্রচুর গাছ পোঁতা প্রয়োজন।” আকাশপথে চলাচলের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও জানান, বিমান বা হেলিকপ্টার থেকে তাকালে দেখা যায় নিউ টাউন অঞ্চলটি তুলনামূলক সবুজ হলেও বাকি অংশ ধীরে ধীরে ধূসর হয়ে উঠছে, যা প্রকৃতির জন্য উদ্বেগের।
পরিবেশ সচেতনতার পাশাপাশি ম্যানগ্রোভ অরণ্য এবং বনসম্পদ রক্ষায় বৃহৎ পদক্ষেপে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কেবল বৃক্ষরোপণই নয়, গাছের বেঁচে থাকা ও সার্বিক বৃদ্ধি নিশ্চিত করতে সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদী দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয় এই কর্মসূচি থেকে। মোহরকুঞ্জের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সচেষ্ট হওয়ার বার্তা উঠে আসে।






