দেশ

ছাত্রবিক্ষোভের মুখে নতিস্বীকার! ঝাড়খণ্ডে ৩ সপ্তাহের আন্দোলনে বাতিল একাধিক নিয়োগ পরীক্ষা

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সাফ জানিয়ে দেন, টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত পরীক্ষার দুর্নীতির তদন্ত করবে সিআইডি।

Truth of Bengal: টানা ২৩ দিনের অদম্য ছাত্রবিক্ষোভের চাপে অবশেষে পিছু হটতে বাধ্য হলো ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলনের মুখে পড়ে সোমবার বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাতিল করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন (JSSC) ও পাবলিক সার্ভিস কমিশন (JPSC) দ্বারা আয়োজিত বিতর্কিত নিয়োগ পরীক্ষাগুলি। এর পাশাপাশি, পরীক্ষা পরিচালনকারী বিতর্কিত সংস্থা ‘টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড’ (TDPL)-এর মাধ্যমে সম্পন্ন হওয়া সমস্ত পরীক্ষার ফলাফল ও নিয়োগ একযোগে বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সাফ জানিয়ে দেন, টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত পরীক্ষার দুর্নীতির তদন্ত করবে সিআইডি। ২০১৪ সাল থেকে এই সংস্থার মাধ্যমে পরিচালিত পরীক্ষার যাবতীয় অনিয়মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হবে। একইসঙ্গে পুরো দুর্নীতি কাণ্ড খতিয়ে দেখতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পৃথক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আন্দোলনকারীদের উদ্বেগের প্রতিটি বিষয়কে সরকার আন্তরিকভাবে সমাধান করার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে গত প্রায় ৩ সপ্তাহ ধরে আন্দোলন ও অনশন চালাচ্ছিলেন তরুণ চাকরিপ্রার্থীরা। আন্দোলন দমাতে পুলিশের লাঠিচার্জ সত্ত্বেও পিছু হটেননি তাঁরা। দুর্নীতির দায়ে যুক্ত পরীক্ষা বাতিল এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা অনড় ছিলেন। তবে সরকার পরীক্ষা বাতিল ও সিআইডি তদন্তের নির্দেশ দিলেও আন্দোলন সম্পূর্ণ থামছে না। আন্দোলনকারী ছাত্রদের একাংশ এখনও সিবিআই (CBI) তদন্তের দাবিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই অব্যাহত থাকবে।

Related Articles