গ্রাহকদের জন্য সুখবর , বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়
ই-কেওয়াইসি সম্পূর্ণ করার প্রাথমিক সময়সীমা রবিবারের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, কেন্দ্রের তরফে তা বাড়িয়ে ২৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
Truth Of Bengal: গ্যাসের ই-কেওয়াইসি (e-KYC) জমা দেওয়া নিয়ে চরম বিভ্রান্তি ও আতঙ্কের তৈরি হয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে। অনেকের স্মার্টফোন নেই, আবার অনেকে অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক বা ফেসআইডি আপডেট করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। তবে এই পরিস্থিতিতে স্বস্তির খবর নিয়ে এসেছে কেন্দ্র। ই-কেওয়াইসি সম্পূর্ণ করার প্রাথমিক সময়সীমা রবিবারের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, কেন্দ্রের তরফে তা বাড়িয়ে ২৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
কেন তৈরি হয়েছিল আতঙ্ক?
সরকারি নির্দেশ অনুযায়ী, ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করলে এলপিজি (LPG) সিলিন্ডারের সরকারি ভরতুকি বন্ধ হয়ে যাবে। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে কাজ না মিটলে গ্যাস সিলিন্ডারের দাম প্রতিটিতে ২,০০০ টাকা পর্যন্ত ছুঁতে পারে বলে গুঞ্জন ছড়ায়। এর ফলেই প্রতিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে উপচে পড়া ভিড় দেখা যায়। অতিরিক্ত ভিড় ও মাঝে মাঝে সার্ভার বিভ্রাটের কারণে গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ছুটির দিনেও খোলা থাকছে সার্ভিস সেন্টার
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে গ্যাস সংস্থাগুলির ডিস্ট্রিবিউটররা একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। আজ, ১৫ আগস্ট ছুটির দিন হওয়া সত্ত্বেও দুপুর ১২টা থেকে অফিস ও পরিষেবা কেন্দ্র খোলা থাকবে, যাতে সাধারণ মানুষ এসে তাঁদের ই-কেওয়াইসি জমা দিতে পারেন।
এখনও বকেয়া লক্ষ লক্ষ গ্রাহকের ই-কেওয়াইসি
গ্যাস ডিস্ট্রিবিউটর্স সংগঠনের কর্তা বিজন বিশ্বাস জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ থাকলেও রাজ্যের ইনডেন গ্রাহকদের মধ্যে কম করে ২২ লক্ষ মানুষের তথ্য আপডেট এখনও বাকি। অন্য দুই সংস্থা—এইচপি (HP) এবং ভারত গ্যাসের চিত্রটাও প্রায় একই। সব মিলিয়ে তিন সংস্থায় প্রায় অর্ধকোটির কাছাকাছি গ্রাহকের তথ্য আপডেট হওয়া বাকি রয়ে গেছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের সমস্ত গ্রাহকের জন্য এই আধারভিত্তিক ফেসআইডি যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছিল।
অনলাইনে ই-কেওয়াইসি (e-KYC) জমা দেওয়ার নিয়ম
অনলাইনে এই কাজ সারতে হলে গ্রাহককে দুটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে:
১. নির্দিষ্ট গ্যাস সংস্থার নিজস্ব অ্যাপ (যেমন: Indane, HP, or Bharat Gas)।
২. ‘AadhaarFaceRD’ (আধার ফেস আরডি) অ্যাপ—এটি না থাকলে মুখমণ্ডল যাচাই বা বায়োমেট্রিক কাজ সম্পূর্ণ হবে না।
অফলাইন পদ্ধতি:
যাঁরা মোবাইল বা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁরা সরাসরি নিজের আধার কার্ড এবং গ্যাস সংযোগের নথি নিয়ে নিকটস্থ ডিস্ট্রিবিউটর বা সার্ভিস সেন্টারে গিয়ে সরাসরি এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।


