হাইকোর্টে মিলল না অনুমতি! চিকিৎসার জন্য বিদেশে যেতে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
বৃহস্পতিবার গভীর রাতে অভিষেকের আইনি দলের তরফে শীর্ষ আদালতে এই সংক্রান্ত বিশেষ আর্জি পেশ করা হয়েছে
Truth of Bengal: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে ধাক্কা খাওয়ার পর এবার এই বিষযে সরাসরি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে অভিষেকের আইনি দলের তরফে শীর্ষ আদালতে এই সংক্রান্ত বিশেষ আর্জি পেশ করা হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহেই সর্বোচ্চ আদালতের বিশেষ বেঞ্চে তাঁর মামলাটির শুনানি হতে পারে।
এর আগে বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেকের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। আদালত নির্দেশে জানায়, চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে পরীক্ষা করবেন এবং বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কি না তা খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবীরা স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। এর পরই বিচারপতি সম্পূর্ণ মামলাটি খারিজ করে দেন।
উল্লেখ্য, বিদেশে চিকিৎসার আর্জি নিয়ে চলতি সপ্তাহের সোমবারেও সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিষয়টির সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে মামলাটি পুনরায় হাইকোর্টে ফেরত পাঠায়। কিন্তু হাইকোর্ট থেকে কোনও স্বস্তি না পেয়ে অবশেষে ফের শীর্ষ আদালতের দরজাতেই কড়া নাড়লেন সাংসদ।
মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী রেবেকা ম্যামেন জন ও অয়ন ভট্টাচার্য আদালতে জানান, তাঁদের মক্কেলের চোখের চিকিৎসা দীর্ঘ দিন ধরেই আমেরিকায় চলছে এবং সেই সংক্রান্ত পরামর্শ নিয়মিত নেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকারের তরফে অভিষেকের বিদেশযাত্রায় জোর আপত্তি জানানো হয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে সওয়াল করে বলেন, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে, এই অবস্থায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে।
উভয় পক্ষের সওয়াল-জবাবের পর হাইকোর্ট এসএসকেএম-এর বিশেষজ্ঞ বোর্ডের রিপোর্টের উপর জোর দিয়েছিল। কিন্তু অভিষেক সেই প্রক্রিয়ায় সায় না দেওয়ায় আদালত মামলা খারিজ করে। এবার হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






