সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল! নবান্নে জারি নয়া বিজ্ঞপ্তি
২২ জুলাই সপ্তম বেতন কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেছিল রাজ্যের অর্থ দপ্তর
Truth of Bengal: গঠনের মাত্র আট দিনের মধ্যেই বদলে গেল রাজ্যের সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীর পরিবর্তে এবার কমিশনের দায়িত্ব সামলাবেন প্রাক্তন আইএএস অফিসার নবীন প্রকাশ। তবে চেয়ারম্যান বদল হলেও কমিশনের কাজের পরিধি, নীতি বা অন্যান্য শর্তে কোনও পরিবর্তন করা হয়নি। গত ২২ জুলাই সপ্তম বেতন কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেছিল রাজ্যের অর্থ দপ্তর। সেই সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অবসরপ্রাপ্ত আইএএস এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী কমিশনের চেয়ারম্যান হবেন। আট দিনের মাথায় তাঁকে সরিয়ে নবীন প্রকাশকে দায়িত্ব দেওয়া হল।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন সরকারের প্রথম বাজেটেই সেই বিষয়ে একাধিক বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় ২০ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয়। বাজেট পেশের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী কমিশন গঠনের পাশাপাশি তার ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধি ও দায়িত্বও নির্ধারণ করেছে রাজ্য সরকার।
সরকারি, সরকার-পোষিত এবং আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে কমিশন। পাশাপাশি পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি, কর্মীদের পদোন্নতির নীতি এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত বিষয়েও সুপারিশ করবে তারা। সপ্তম বেতন কমিশনকে আগামী ছ’মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির হারও কমিশন পর্যালোচনা করবে। কমিশনের কাজের পরিধিতে বিশেষভাবে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একই পদের বেতন কাঠামো খতিয়ে দেখতে হবে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামোর তুলনামূলক পর্যালোচনাও করা হবে।


