অভয়ার মাকে আক্রমণ করে ভিডিয়ো, আরজে প্রিয়াঙ্কাকে ঘিরে সমালোচনার ঝড়
সম্প্রতি বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে
Truth of Bengal: কর্মক্ষেত্রে ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসক কন্যাকে হারিয়েছেন তিনি। সন্তান হারানোর অসহনীয় যন্ত্রণা নিয়েই সুবিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন অভয়ার মা। পরবর্তী সময়ে রাজনীতির ময়দানেও পা রেখেছেন তিনি। সম্প্রতি বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বারুইপুরের ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন অভয়ার মা। তাঁর সেই বক্তব্যের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেন আরজে প্রিয়াঙ্কা। ভিডিয়োয় অভয়ার মায়ের রাজনৈতিক অবস্থান, বক্তব্য এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা।
আরজে প্রিয়াঙ্কার দাবি, রাজনীতিতে প্রবেশের পর অভয়ার মায়ের অবস্থান ও বক্তব্যে পরিবর্তন এসেছে। বারুইপুরের নির্যাতিতার ঘটনায় তিনি পর্যাপ্ত তথ্য না জেনেই প্রতিক্রিয়া দিয়েছেন বলেও অভিযোগ করেন প্রিয়াঙ্কা। একই সঙ্গে একজন বিধায়ক হিসেবে রাজ্যের বিভিন্ন অপরাধের বিষয়ে তাঁর আরও দায়িত্বশীল ও অবহিত থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। ভিডিয়োয় অভয়ার মায়ের ব্যক্তিগত শোক ও মাতৃত্ব নিয়েও অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। নিজের মেয়ের ঘটনার সঙ্গে অন্য নির্যাতিতার ঘটনাকে আলাদা করে দেখানো উচিত নয় বলেও দাবি করেন তিনি। একজন জনপ্রতিনিধির বক্তব্য আরও সংবেদনশীল ও তথ্যনির্ভর হওয়া প্রয়োজন—এমন মতও প্রকাশ করেন ওই আরজে।
তবে প্রিয়াঙ্কার মন্তব্যের ভাষা ও ভঙ্গির তীব্র বিরোধিতা করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, অভয়ার মায়ের বক্তব্যের একটি অংশ শুনেই অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। সন্তানহারা একজন মাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মত প্রকাশ করেছেন অনেকে। সামাজিক মাধ্যমে একাংশ প্রিয়াঙ্কার কনটেন্টকে অসংবেদনশীল এবং বিদ্বেষপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, রাজনৈতিক সমালোচনা করা যেতেই পারে, কিন্তু ব্যক্তিগত শোক, মাতৃত্ব এবং সন্তানহারা একজন নারীর মানসিক অবস্থাকে নিশানা করা শালীনতার সীমা অতিক্রম করেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বিতর্ক ক্রমশ বাড়লেও এই বিষয়ে নতুন করে কোনও প্রতিক্রিয়া জানাননি আরজে প্রিয়াঙ্কা। অভয়ার মায়ের তরফ থেকেও এখনও পর্যন্ত ওই ভিডিয়োর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনও বক্তব্য সামনে আসেনি।





