ভারত-ইংল্যান্ড ম্যাচে গ্যালারিতে কৃতি-কবীর, ভাইরাল স্টেডিয়ামের ছবি
দু’জনকে একসঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা যাওয়ার পরই তাঁদের সম্পর্ক নিয়ে ফের জোরালো হয়েছে জল্পনা
Truth of Bengal: ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচ দেখতে ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। গ্যালারিতে তাঁর সঙ্গে দেখা যায় ব্রিটেন-ভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়াকে। দু’জনকে একসঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা যাওয়ার পরই তাঁদের সম্পর্ক নিয়ে ফের জোরালো হয়েছে জল্পনা।
ম্যাচ চলাকালীন কবীর বাহিয়া নিজের ইনস্টাগ্রামে স্টেডিয়াম থেকে কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে কৃতি শ্যানন ও তাঁদের এক বন্ধুকেও দেখা যায়। অন্যদিকে কৃতিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যাচের একাধিক মুহূর্ত ভাগ করে নেন। এরপরই এজবাস্টনের গ্যালারিতে দু’জনের আরও কয়েকটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কৃতি ও কবীরের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। গত বছর কৃতির জন্মদিনের সময় থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা শুরু হয়। এরপর একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি কৃতির বোন নূপুর শ্যাননের বিয়ে উপলক্ষেও উপস্থিত ছিলেন কবীর বাহিয়া, যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।

সম্প্রতি কবীরের এক অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে একটি ছবি ভাইরাল হওয়ার পর তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে পরে কৃতি নিজের একটি ছবি-সংকলনে কবীরের সঙ্গে ছবি পোস্ট করেন। যদিও সেই পোস্টকে অনেকেই সম্পর্কের গুঞ্জনের জবাব হিসেবে দেখলেও, কৃতি বা কবীর— কেউই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এদিকে, নূপুর শ্যাননের স্বামী তথা গায়ক স্টেবিন বেন সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতির বিয়ে নিয়ে চলা জল্পনা প্রসঙ্গে বলেন, নূপুরের বিয়ের পর থেকেই সবাই কৃতির বিয়ের বিষয়ে প্রশ্ন করছেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ কৃতির ব্যক্তিগত বিষয়। তাঁর কথায়, “কোনও তাড়াহুড়ো নেই, ওকে নিজের মতো সময় নিতে দিন।” একইসঙ্গে তিনি কৃতির পরিশ্রম, সাফল্য এবং পরিবারের প্রতি তাঁর টান নিয়েও প্রশংসা করেন।
উল্লেখ্য, কবীর বাহিয়া যুক্তরাজ্য-ভিত্তিক এক ব্যবসায়ী। তিনি ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং ব্রিটেনের পরিচিত ট্রাভেল সংস্থা সাউথল ট্রাভেল-এর মালিক কুলজিন্দর বাহিয়ার ছেলে। অন্যদিকে, কাজের ক্ষেত্রে কৃতি শ্যাননকে শেষ দেখা গিয়েছে পরিচালক হোমি আদাজানিয়ার ‘ককটেল ২’ ছবিতে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং রাশমিকা মন্দানা।






