এবার সুপ্রিম কোর্টে লড়াই! ৪৪০ কোটির ফান্ড কবজা করতে দিল্লি ছুটছেন ঋতব্রত
কেম্যান আইল্যান্ড থেকে ইউরোপের যোগসূত্র! ৪৪০ কোটির ইডি অ্যাকশনের পর বিস্ফোরক ঋতব্রত
Truth of Bengal: ‘আসল বনাম নকল’ তৃণমূলের আইনি ও রাজনৈতিক যুদ্ধ এবার গড়াতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে (Supreme Court)। কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৪৪০ কোটি টাকা ইডি (ED) ফ্রিজ করার পর থেকেই তহবিলের দখল পেতে মরিয়া হয়ে উঠেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন ‘বিদ্রোহী তথা আসল তৃণমূল’ শিবির। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দলের ফান্ডের যাবতীয় অধিকার পেতে এবার দিল্লিতে স্পেশাল লিভ পিটিশন (SLP) ফাইল করতে চলেছে তারা।
নফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক সংস্থাকে দিয়ে ভিআইপিদের জন্য বিমান ও হেলিকপ্টার কেনা এবং ঘুরিয়ে তা আবার ভাড়া নেওয়ার যে নজিরবিহীন দুর্নীতি সামনে এসেছে, তা নিয়ে এবার মুখ খুলেছেন ঋতব্রত। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বিমান ও হেলিকপ্টার নিয়ে যা হয়েছে, তা এক নজিরবিহীন বাটপারি! এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমরা জানতে পারছি এই টাকার পেছনে কেরল সূত্র, ইউরোপ সূত্র এবং ট্যাক্স হেভেন ‘কেম্যান দ্বীপপুঞ্জ’ (Cayman Islands)-এর গভীর যোগাযোগ রয়েছে।”
ইডি সূত্রেও বিস্ফোরক অভিযোগ উঠেছে যে, অবৈধ অর্থের উৎস লুকাতে ২০২৩ সালে কেম্যান আইল্যান্ডের একটি শেল কোম্পানি (Shell Company) থেকে ১৭ লক্ষ মার্কিন ডলার (প্রায় ১৪ কোটি টাকা) ‘অসুরক্ষিত ঋণ’ বা আনসিকিওর্ড লোন হিসেবে দেখিয়েছিল কেয়ারওয়েল অ্যাভিয়েশন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘নটবরলাল’ বলে কটাক্ষ করে ঋতব্রত হুঁশিয়ারি দেন, “আগামী সপ্তাহে আমি নিজে দিল্লি যাচ্ছি। এই বিপুল আর্থিক দুর্নীতির সমস্ত তথ্য নির্দিষ্ট কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিয়ে আসব।”
তপসিয়ার পার্টি অফিসে জাতীয় কর্মসমিতির বৈঠক, শুক্রবারই কি নতুন রাজ্য সভাপতি?
অন্য দিকে, সুপ্রিম কোর্টের লড়াইয়ের সমান্তরালে রাজ্যে নিজেদের সংগঠনকে ঢেলে সাজাতে কোমর বেঁধে নেমেছে বিদ্রোহী শিবির। কালীঘাট তৃণমূল ত্যাগ করে চন্দ্রিমা ভট্টাচার্য পদ ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেই দলের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন। কিন্তু তাকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবারই তপসিয়ার মূল তৃণমূল ভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন ঋতব্রতরা। সূত্রের খবর, আজই ‘আসল’ তৃণমূলের নতুন রাজ্য সভাপতি-সহ একাধিক সাংগঠনিক পদের গুরুদায়িত্ব বণ্টন করা হবে বিদ্রোহীদের পক্ষের বিধায়ক ও নেতাদের মধ্যে।
শনিবার ‘প্লেনারি সেশন’, আসল প্রমাণ করতে কোন হেভিওয়েটরা যোগ দিচ্ছেন ঋতব্রত শিবিরে?
শনিবার এই বিদ্রোহী শিবিরের এক মহাগুরুত্বপূর্ণ ‘প্লেনারি সেশন’ অনুষ্ঠিত হতে চলেছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নিজেদেরকে আসল প্রমাণ করতে ওই দিন একঝাঁক হেভিওয়েট মন্ত্রী ও বিধায়ককে মঞ্চে হাজির করে বড় চমক দিতে চলেছে ঋতব্রত শিবির। কালীঘাটকে সম্পূর্ণ কোণঠাসা করে ঘাসফুল প্রতীক ও ফান্ডের আইনি দখল নিতে সুপ্রিম কোর্ট ও রাজপথ, দুই জায়গাতেই অল-আউট আক্রমণে যাওয়ার এই রণকৌশল বাংলার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।






