রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের
তিন সাংসদের পদত্যাগের জেরে এই উপনির্বাচনের প্রয়োজন হয়েছে
Truth of Bengal: পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই ভোটগ্রহণ ও একই দিন ভোটগণনা অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে ২৭ জুলাই। তিন সাংসদের পদত্যাগের জেরে এই উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। সুখেন্দুশেখর রায় গত ৮ জুন ২০২৬, সুস্মিতা দেব ১০ জুন ২০২৬ এবং প্রকাশচিক বরাইক ১১ জুন ২০২৬ পদত্যাগ করেন। সুখেন্দুশেখর রায় ও প্রকাশচিক বরাইকের মেয়াদ ছিল ১৮ অগস্ট ২০২৯ পর্যন্ত, আর সুস্মিতা দেবের মেয়াদ ছিল ২ এপ্রিল ২০৩০ পর্যন্ত।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ জুলাই সরকারি বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে এবং বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ভোটগ্রহণে কড়া নির্দেশিকাও জারি করেছে নির্বাচন কমিশন। বিধায়কদের শুধুমাত্র রিটার্নিং অফিসারের দেওয়া নির্দিষ্ট বেগনি রঙের স্কেচ পেন ব্যবহার করে ব্যালট পেপারে ভোট দিতে হবে। অন্য কোনও পেন বা কালি ব্যবহার করলে সংশ্লিষ্ট ভোট বাতিল বলে গণ্য হতে পারে।





