দেশ

কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা এবার বিনামূল্যে, নয়া উদ্যোগ ওড়িশা সরকারের

বৃহস্পতিবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি-র সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৩তম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

Truth of Bengal: শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ করল ওড়িশা সরকার। রাজ্যের পড়ুয়াদের জন্য ‘জ্ঞানোদয় – শিক্ষার মাধ্যমে সমৃদ্ধি’ নামে একটি নতুন প্রকল্প চালুর ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পের আওতায় কিন্ডারগার্টেন (কেজি) থেকে শুরু করে স্নাতকোত্তর (পিজি) স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন রাজ্যের ছাত্রছাত্রীরা। সরকারের দাবি, আর্থিক সঙ্কটের কারণে যাতে কোনও পড়ুয়াকে মাঝপথে পড়াশোনা ছাড়তে না হয়, সেই লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্যোগ।

বৃহস্পতিবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি-র সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৩তম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। পরে মুখ্যমন্ত্রীর দফতর জানায়, শিক্ষা সকলের মৌলিক অধিকার। অর্থনৈতিক অসুবিধার কারণে কোনও ছাত্রছাত্রী যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই প্রকল্প চালু করা হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কেজি থেকে পিজি স্তরের সমস্ত পড়ুয়াই এই প্রকল্পের আওতায় আসবেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা—সমস্ত স্তরেই পড়াশোনার খরচ বহন করবে রাজ্য সরকার।

সরকারি সূত্রের দাবি, এই প্রকল্পের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরা। বহু ক্ষেত্রে আর্থিক অনটনের কারণে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কমবে। পাশাপাশি, রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা সরকারের। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, আর্থিক টানাপোড়েনের কারণে কোনও ছাত্রছাত্রী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেটাই সরকারের মূল লক্ষ্য। শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগ নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাবিদদের মতে, ‘জ্ঞানোদয়’ প্রকল্প চালু হলে স্কুল-কলেজে ভর্তির হার বাড়বে, ড্রপআউটের সংখ্যা কমবে এবং উচ্চশিক্ষায় আরও বেশি সংখ্যক পড়ুয়া অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর ফলে দীর্ঘমেয়াদে রাজ্যের মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। যদিও প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তবে এর বাস্তবায়নের নিয়ম, যোগ্যতার শর্ত এবং অন্যান্য নির্দেশিকা আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করবে ওড়িশা সরকার। তবে শিক্ষাক্ষেত্রে এই ঘোষণাকে ইতিমধ্যেই এক ঐতিহাসিক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

 

Related Articles