অবিরাম বর্ষণে জলমগ্ন মুম্বই, বিপর্যস্ত জনজীবন
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মুম্বই শহরে গড়ে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে
Truth of Bengal: অবিরাম বৃষ্টিতে কার্যত জলমগ্ন দেশের বাণিজ্যনগরী মুম্বই। গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটুসমান, কোথাও আবার গোড়ালিসমান জল জমে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রাস্তায় যান চলাচল অব্যাহত থাকলেও গতি অত্যন্ত মন্থর। একই সঙ্গে ব্যাহত হয়েছে শহরতলির ট্রেন পরিষেবাও।
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মুম্বই শহরে গড়ে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর জেরে একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বুধবার ভোরে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে হারবার লাইনের ওভারহেড বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ফলে ওই লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য মারাত্মকভাবে ব্যাহত হয়।
বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র তথ্য অনুযায়ী, পূর্ব শহরতলির মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মানখুর্দে, যেখানে ১৭০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পরেই রয়েছে বাইকুলা (১৬২.৫২ মিমি), মুম্বই সেন্ট্রাল (১৪২.৪৩ মিমি) এবং ওয়াডলা (১২৭ মিমি)। পশ্চিম শহরতলির বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে ১৩২.৪ মিলিমিটার এবং বোরিভালিতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মুম্বই, অন্ধেরি, ঠাণে, পালঘর ও রায়গড়-সহ বিস্তীর্ণ এলাকায় আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর মুম্বইয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ নির্ধারিত সময়ের প্রায় ১৩ দিন পরে হয়েছে। তবে এখনও মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ু আরও শক্তিশালী হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোঙ্কণ উপকূলের পালঘর ও সিন্ধুদুর্গে ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে। এছাড়া ধুলে, নন্দুরবার, জলগাঁও, নাসিক, পুণে, কোলহাপুর, সাতারা, সাঙ্গলি এবং সোলাপুর জেলাতেও আগামী কয়েক দিনে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।






