টানা বৃষ্টির জেরে কমল ভ্যাপসা গরম! আজ দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Truth of Bengal: টানা কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। হাঁসফাঁস করা অস্বস্তি আপাতত অনেকটাই কমেছে। তবে দক্ষিণবঙ্গ কিছুটা স্বস্তি পেলেও উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অতিভারী বৃষ্টিতে সেখানে জনজীবন কার্যত বিপর্যস্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেই অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার জেরে শহর ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। তবে বৃষ্টি না হলে ফের গরম ও আর্দ্রতার অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
![]()
এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমলেও বিপদ পুরোপুরি কাটছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—উত্তরের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি হতে পারে। দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত উপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।






