এক ধাক্কায় ডিএ বেড়ে ৩৮%, ১ লক্ষ সরকারি চাকরি! শুভেন্দু সরকারের প্রথম বাজেটে ঐতিহাসিক ঘোষণা
সিভিক ভলান্টিয়ারদের লটারি, মহিলাদের ৩৩% সংরক্ষণ! অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর মেগা বাজেটে তোলপাড় বঙ্গ
Truth of Bengal: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য বিধানসভায় নতুন বিজেপি সরকারের প্রথম ঐতিহাসিক বাজেট ভাষণ পাঠ শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে অর্থমন্ত্রী এদিন কোনও আধুনিক ব্রিফকেস নয়, বরং বাংলার ঐতিহ্যবাহী মাদুর আর পাটের তৈরি ফাইলে মুড়ে নিয়ে এসেছিলেন নতুন সরকারের আর্থিক খতিয়ান। বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী স্পষ্ট জানান, নতুন সরকারের মূল লক্ষ্য হল ‘বিকশিত ভারত’-এর সঙ্কল্প পূরণ করা। একই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, পূর্বতন সরকারের চালু থাকা সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যে বহাল থাকবে। বাংলাকে জাতীয় স্তরে পুনরুত্থানের মিশন নিয়েই এই বাজেট তৈরি হয়েছে। এবার রাজ্যের জিএসডিপি (GSDP) ১.০৭ শতাংশ ছুঁয়েছে এবং প্রান্তিক মানুষদের সরকারি সুবিধা পৌঁছে দিতে প্রয়োজনে নিয়মের সরলীকরণ করা হবে।
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এই বাজেটে রয়েছে এক সুবর্ণ সুযোগ। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যে অবিলম্বে শূন্য পড়ে থাকা ১ লক্ষ সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যার মধ্যে বড় চমক হল, এই সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সম্পূর্ণ সংরক্ষিত থাকবে। এছাড়া আইনশৃঙ্খলার খোলনলচে বদলে ফেলতে পুলিশে ২০ হাজার এবং শিক্ষাক্ষেত্রে ৫০ হাজার নতুন শিক্ষক নিয়োগের মেগা প্রস্তাব দেওয়া হয়েছে। বিগত দিনে নিয়োগ দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে আগামী দু’বছর বয়সের ক্ষেত্রে বাড়তি ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি, নিচুতলার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে বড় উপহার দিয়েছেন অর্থমন্ত্রী। সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ (NVF) কর্মী এবং প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধি করা হল, যা আগামী আগস্ট মাস থেকেই কার্যকর হবে। অন্যদিকে, বিধায়কদের উন্নয়ন তহবিল বার্ষিক ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। প্রবীণ সাংবাদিকদের জন্য সুখবর এনে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ৫,০০০ টাকা মাসিক পেনশনের ঘোষণা করা হয়েছে। সবচেয়ে নজিরবিহীন ঘোষণাটি হল, যাঁরা অতীতে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় ফেঁসে কারাবাস করতে বাধ্য হয়েছেন, তাঁদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার।
তবে রবিবারের সমস্ত উত্তেজনাকে ছাপিয়ে সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় ধামাকাটি এসেছে ডিএ (DA) ঘোষণার হাত ধরে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে রাজ্যে মোট ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশ। অর্থমন্ত্রীর এই ঘোষণার পরেই দীর্ঘদিনের আন্দোলনের পর খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের অন্দরে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর ও আরামবাগে বিশেষ প্রশাসনিক উদ্যোগ এবং হেমতাবাদ, চণ্ডীপুর ও কাকদ্বীপে নতুন দমকল কেন্দ্র গড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে এই বাজেটে।




