পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রী, রসগোল্লা-জলভরা সন্দেশ দিয়ে বরণ প্রধানমন্ত্রীকে
গোটা এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়
Truth of Bengal: রাজ্যজুড়ে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। সেই উপলক্ষে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বরে এদিন সকাল থেকেই সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে সভাস্থলে উপচে পড়ে মানুষের ভিড়। গোটা এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়।
এদিন বিকেল চারটের পর তারকেশ্বরে নামে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কপ্টার থেকে নেমে সরাসরি সরকারি অনুষ্ঠানের মঞ্চে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভিবাদন জানান রাজ্যের মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা। বন্দে মাতরম গানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়।সভামঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে বাংলার বিখ্যাত রসগোল্লার হাঁড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় জলভরা সন্দেশও। তারকেশ্বরের ঐতিহ্য ও মাহাত্ম্যকে সামনে রেখে শিবলিঙ্গ এবং ডোকরার দুর্গামূর্তিও উপহার দেওয়া হয় তাঁকে।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরের এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ সভাস্থলে আসতে শুরু করেন। নিরাপত্তার কারণে একাধিক জায়গায় কড়া নজরদারি চালায় পুলিশ ও প্রশাসন। তারকেশ্বরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কলকাতার উদ্দেশে রওনা দেবেন। রাতে লোকভবনে থাকার কথা তাঁর। আগামীকাল, রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






