কলকাতা

ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় ৬৮ নম্বর ওয়ার্ডের সুদর্শনা

কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ঘনিষ্ঠদের মাধ্যমে টাকা তোলার অভিযোগ উঠেছে

Truth of Bengal: তোলাবাজির অভিযোগে এবার নাম জড়াল কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরের। ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ঘনিষ্ঠদের মাধ্যমে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী চিরঞ্জীব সিনহা। তাঁর দাবি, চাপের মুখে পরে সেই টাকা ফেরতও দেওয়া হয়েছে।

আইনজীবী চিরঞ্জীব সিনহার অভিযোগ, সম্প্রতি তিনি নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। সেই সময় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী পীযূষ দে এবং পাপিয়া দাসকে তাঁর কাছে পাঠান। অভিযোগ, প্রথমে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। চিরঞ্জীববাবু এত টাকা দিতে পারবেন না বলে জানালে পরে ৬ লক্ষ টাকায় রফা হয় বলে দাবি তাঁর।আরও অভিযোগ, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পীযূষ দে ও পাপিয়া দাস মিলিয়ে মোট দেড় লক্ষ টাকা নিয়েছিলেন। তবে নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বের চাপের মুখে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বারাকপুরের বিজেপি বিধায়ক তথা কলকাতা হাই কোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি টাকা নিয়েছিলেন কি না। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে স্বীকার করেন, টাকা নিয়েছিলেন, তবে তা ফেরত দিয়ে দিয়েছেন।

Related Articles