‘পুষ্পা’ জাহাঙ্গিরকে ছাড়াতে থানায় হামলার ছক! কেন্দ্রীয় বাহিনীর লাঠি খেয়ে সোজা পুকুরে ঝাঁপ বিক্ষোভকারীদের
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সক্রিয় হয়
Truth of Bengal: জেলবন্দি ফলতার ‘ত্রাস’ জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’কে ছাড়ানোর দাবিতে থানার সামনে উত্তেজনা ছড়াল। অভিযোগ, জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে তাঁর অনুগামীদের একাংশ থানার সামনে জমায়েত করেন। সূত্রের দাবি, সেই জমায়েত থেকেই থানায় হামলার পরিকল্পনা ছিল। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সক্রিয় হয়। বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। ঘটনার দু’টি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা যায়, থানার সামনে স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে যুবক থেকে প্রৌঢ়—বিভিন্ন বয়সের মানুষকে দেখা যায়। ফুটেজে কয়েকজন মহিলাকেও দেখা গিয়েছে, কারও কোলে শিশুও ছিল। তবে তাঁরা সরাসরি বিক্ষোভে যুক্ত ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
View this post on Instagram
কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। বাহিনীর তাড়া খেয়ে মুহূর্তের মধ্যে এলাকা ফাঁকা হয়ে যায়। কেউ জুতো খুলে দৌড়ে পালান, কেউ আবার প্রাণ বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দেন। আর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ডোবা বা পুকুরের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধরে পালাচ্ছেন কয়েকজন বিক্ষোভকারী। বাহিনীর লাঠির আঘাত এড়াতে তাঁদের মধ্যে অনেকেই পুকুরে ঝাঁপ দেন। পরে সাঁতরে পাড় হয়ে ওপারে ওঠেন তাঁরা। এই দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলা-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফলতার ‘ত্রাস’ জাহাঙ্গির খানকে। রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে ফের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তার পর থেকেই জাহাঙ্গিরকে ঘিরে তাঁর অনুগামীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল বলে স্থানীয় সূত্রে খবর। মঙ্গলবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে থানার সামনে। জাহাঙ্গিরের অনুগামীদের একাংশ সেখানে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।




