মমতার বাড়ির সামনেই কুণাল ঘোষের মাথায় ডিম হামলা! ‘অনেক অত্যাচার করেছে’ বলে চম্পট যুবক
এরপরই তিনি এলাকা ছেড়ে চলে যান
Truth of Bengal: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই ডিম হামলার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকাই এক যুবক তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ডিমটি কুণালের মাথায় লাগে। অভিযুক্ত যুবকের নাম চন্দন বলে জানা গিয়েছে। ঘটনার পর ওই যুবক প্রকাশ্যেই বলেন, “অনেক অত্যাচার করেছে।” এরপরই তিনি এলাকা ছেড়ে চলে যান। নিজেকে এলাকার বাসিন্দা বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, “অনেক অন্যায় করেছে। এটা ওনার প্রাপ্য ছিল। উনি কী কী করেছেন, সবাই জানে।”সোমবার সন্ধ্যায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সাড়ে ছ’টা নাগাদ তিনি সেখান থেকে বেরোন। বাড়ির বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য দাঁড়াতেই দু’জন যুবক তাঁর কাছে এগিয়ে আসে। তার মধ্যে একজন হঠাৎ ডিম ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। কুণাল নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও ডিমটি তাঁর মাথায় লাগে।
View this post on Instagram
ঘটনার পর কুণাল ঘোষ বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম। হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়েছে। এক মাঘে শীত যাবে না।” তিনি আরও বলেন, “মমতাদির বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলাম। দুটি ছেলে হাতের নাগালেই ছিল। আমি নিরস্ত্র ছিলাম। একজন ডিম ছুড়ল, তারপর পালিয়ে গেল। কেউ কোনও প্রতিবাদ করল না, বাধা দিল না, ধরার চেষ্টাও করল না।” অভিযুক্তের ‘অত্যাচার’-এর অভিযোগের জবাবও দেন কুণাল। তাঁর প্রশ্ন, “কে অত্যাচার করেছে? আমি করেছি? মমতাদি করেছেন? করলে থানা-পুলিশ করেছে। তার দায় আমার?” এরপরই তিনি পালটা প্রশ্ন তোলেন, “ওকে জিজ্ঞেস করুন, ওর চাকরি কে দিয়েছে?” এই ঘটনায় নিরাপত্তা নিয়েও সরব হন কুণাল ঘোষ। তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাঁর বাড়ির মাত্র কয়েক মিটারের মধ্যে যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবেই। কুণালের কথায়, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির ১০ মিটারের মধ্যে এই ঘটনা। তাহলে নিরাপত্তা কোথায়?”
এর আগে সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা, বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। রাজনৈতিক মহলে যাকে কটাক্ষ করে বলা হচ্ছে ‘ডিম থেরাপি’। এবার সেই তালিকায় যুক্ত হল কালীঘাটের ঘটনা। ঘটনার পর আর বেশি সময় সেখানে থাকেননি কুণাল ঘোষ। নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং “এক মাঘে শীত যাবে না” মন্তব্য করে তিনি হেঁটেই এলাকা ছাড়েন।





