রেলের হকার উচ্ছেদে বড় ধাক্কা! যাদবপুর কাণ্ডে হাই কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি হকারদের
এই উচ্ছেদ অভিযানকে ঘিরে বিভিন্ন জায়গায় আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয় হকারদের মধ্যে
Truth of Bengal: হকার উচ্ছেদে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। যাদবপুরে রেলের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ সংক্রান্ত মামলায় আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেন হকাররা। বুধবার মামলার শুনানিতে আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। গত কয়েকদিন ধরেই রেলের জমি দখলমুক্ত করতে বিভিন্ন স্টেশন এলাকায় অভিযান চালাচ্ছিল রেল। শিয়ালদহ, হাওড়া, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের পাশাপাশি আরও বহু স্টেশন চত্বরেও আরপিএফ ও রেল পুলিশ বেআইনি দখল সরানোর কাজে নামে। এই উচ্ছেদ অভিযানকে ঘিরে বিভিন্ন জায়গায় আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয় হকারদের মধ্যে।

এর মধ্যেই গত রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি ঘিরে সংঘাতের আবহ তৈরি হয়। স্থানীয় সিপিএম নেতা-কর্মীরাও সেখানে পৌঁছে গেলে উত্তেজনা আরও বাড়ে। এরপরই ক্ষতিগ্রস্ত হকাররা আদালতের দ্বারস্থ হন। বুধবার হকারদের পক্ষে আইনজীবী শামিম আহমেদ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের বিবেচনায় আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। একইসঙ্গে আপাতত উচ্ছেদ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়।

মামলার পরবর্তী শুনানি হবে ১৭ জুন। তার আগে যাদবপুরে হকার উচ্ছেদে কোনও পদক্ষেপ করা যাবে না বলে আদালতের নির্দেশে স্পষ্ট হয়েছে। শুধু যাদবপুর নয়, হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ বিভিন্ন জায়গায় রেলের হকার উচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন হকাররা। আদালত জানিয়েছে, রেলের বেআইনি হকার উচ্ছেদ সংক্রান্ত সব মামলার শুনানি একসঙ্গে করা হবে।





