ইজরায়েলে বসতে চলেছে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি, দু’দেশের বন্ধুত্বে নতুন বার্তা
সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এই প্রকল্পের কথা ঘোষণা করেন রাষ্ট্রদূত রিভ্যাক।
Truth of Bengal: ভারত ও ইজরায়েলের কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ইজরায়েল। সে দেশের কোনও একটি বড় শহরে ছত্রপতি শিবাজি মহারাজের বিশালাকার মূর্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন ইজরায়েলের রাষ্ট্রদূত ইয়ানিভ রিভ্যাক। এই উদ্যোগকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সংযোগের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।
সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এই প্রকল্পের কথা ঘোষণা করেন রাষ্ট্রদূত রিভ্যাক। তিনি জানান, ভারতে ছত্রপতি শিবাজি মহারাজের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে ইজরায়েল অবগত। সেই কারণেই ইজরায়েলে তাঁর মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মূর্তিটি ঠিক কোন শহরে বসানো হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। রিভ্যাকের কথায়, এই প্রকল্প শুধুমাত্র একটি মূর্তি স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে ভারত ও ইজরায়েলের জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে। তিনি বলেন, শিবাজি মহারাজের মূর্তি স্থাপনের এই উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে আরও গভীর করবে।
ইজরায়েলে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষের বসবাস রয়েছে। বিশেষ করে ডিমোনা শহরে ভারতীয় সম্প্রদায়ের উপস্থিতি এতটাই বেশি যে অনেকেই একে ‘মিনি ইন্ডিয়া’ বলে অভিহিত করেন। ফলে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত এমন একটি প্রকল্প সেখানে বিশেষ তাৎপর্য বহন করবে বলেই মনে করা হচ্ছে। ইজরায়েলি রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নে মহারাষ্ট্র সরকারের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি শিবাজি মহারাজের ইতিহাস, তাঁর শাসনব্যবস্থা, সামরিক কৌশল এবং অবদানের সঙ্গে ইজরায়েলের সাধারণ মানুষকে পরিচিত করানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
রিভ্যাক বলেন, ভারতের বিভিন্ন প্রান্তে সফর করে আমি ইজরায়েলের প্রতি মানুষের আন্তরিকতা ও শ্রদ্ধা অনুভব করেছি। সেই আত্মিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ভবিষ্যতে আরও নানা উদ্যোগ নেওয়া হবে। শিবাজি মহারাজের মূর্তি স্থাপন সেই প্রচেষ্টার প্রথম ধাপ। কূটনৈতিক মহলের মতে, এই উদ্যোগ শুধু সাংস্কৃতিক বিনিময়ের দৃষ্টান্তই নয়, বরং ভারত ও ইজরায়েলের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কেরও এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠতে পারে।


