তৃণমূলের ২০ সাংসদ আসতেই ৩০০ পার! লোকসভায় ‘জাদুসংখ্যা’ ছুঁতে আর কত সাংসদ চাই এনডিএ-র?
নীতীশ-চন্দ্রবাবুর দাপট খতম করতে মমতার সাংসদদের ব্যবহার? এনডিএ-র আসন সংখ্যা বেড়ে কত হল?
Truth of Bengal: ছাব্বিশের বঙ্গে ক্ষমতা বদলের পর এবার জাতীয় রাজনীতিতেও আক্ষরিক অর্থেই মহাপ্রলয় ঘটে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিতে চেয়েছেন তৃণমূলের ২০ জন ‘বিদ্রোহী’ সাংসদ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে এই মর্মে চিঠিও জমা দিয়েছেন তৃণমূল সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার। একসময় যে এনডিএ জোটের হাত ঝেড়ে ফেলেছিলেন মমতা, আজ তাঁরই দলের সিংহভাগ সাংসদ মোদি-শাহের পাশে বসার আর্জি জানিয়েছেন। আর লোকসভার স্পিকার যদি এই চিঠি গ্রহণ করেন, তবে সংসদের নিম্নকক্ষে দেশের রাজনৈতিক ক্ষমতা ও সংখ্যাতত্ত্বের খোলনলচে বদলে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
নীতীশ-চন্দ্রবাবুর ওপর নির্ভরতা কমছে? একনজরে লোকসভার নতুন খতিয়ান
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় সরকার টিকিয়ে রাখতে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপর মারাত্মকভাবে ভরসা করতে হচ্ছিল মোদি-শাহ জুটিকে। সরকার চললেও, গুরুত্বপূর্ণ বিল পাস করাতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছিল বিজেপি। কিন্তু তৃণমূলের ২০ জন সাংসদ এনডিএ ব্লকে যোগ দিতেই একলাফে ৩০০-র গণ্ডি পার করে গেল শাসক জোট।
হিসেব বলছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও একনাথ শিন্ডের শিবসেনা মিলিয়ে এতদিন পর্যন্ত এনডিএ-র ঝুলিতে ছিল ২৯২টি আসন। এবার তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ যুক্ত হওয়ায় সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে এক লপ্তে ৩১২-তে!
৩১২ আসন নিয়েও কেন এখনও অধরা ‘মিশন ৩৬২’?
আসন সংখ্যা ৩০০ পার করলেও, মোদি সরকারের আসল লক্ষ্য কিন্তু এখনও পূরণ হওয়া বাকি। ‘মহিলা সংরক্ষণ বিল’ কিংবা ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election)-এর মতো অতি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলগুলি অনায়াসে পাস করাতে গেলে লোকসভার দুই-তৃতীয়াংশ অর্থাৎ অন্তত ৩৬২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। ৩১২-তে পৌঁছেও বিজেপি সেই ম্যাজিক নম্বর থেকে ঠিক ৫০টি আসন দূরে থমকে রয়েছে।
বিজেপির একক আসন ২৪০ এবং শরিকদের (টিডিপি-১৬, জেডিইউ-১২, শিবসেনা-৭, এলজেপি-৫, জেডিএস-২, জনসেনা-২, আরএলডি-২, এনসিপি-১ এবং অন্যান্য ৪ আসন) মিলিয়ে ২৯২-এর সঙ্গে তৃণমূলের ২০ যোগ হয়ে ৩১২ হলেও, ‘মিশন কমপ্লিট’ করতে বিজেপি আগামী দিনে আরও বড়সড় ভাঙন ধরাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জোর জল্পনা, ৩৬২-র লক্ষ্যপূরণে এবার কংগ্রেস, উদ্ধব ঠাকরে শিবির এবং শরদ পাওয়ারের এনসিপি-র বেশ কয়েকজন সাংসদদের দিকে নজর রয়েছে পদ্ম শিবিরের। এমনকি লোকসভার এই সাফল্য দেখে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদদের ওপরেও ‘অপারেশন লোটাস’ চালানো হতে পারে বলে রাজধানীর অলিন্দে জোর গুঞ্জন শুরু হয়েছে।





