মেসি কাণ্ডে গ্রেফতারির ভয়! তড়িঘড়ি বারাসত আদালতে আগাম জামিনের আর্জি অরূপের
মেসির অনুষ্ঠানে ২২ হাজার টিকিট জালিয়াতি ও হেনস্থার অভিযোগ!
Truth of Bengal: কলকাতায় এসে লিওনেল মেসিকে ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে এবার আইনি জালে জড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। যুবভারতীতে ‘মেসি গোট ট্যুর’ (Messi GOAT Tour)-এর অনুষ্ঠানে বিনা অনুমতিতে মাঠে প্রবেশ, বিশ্বজয়ীর গায়ে হাত দেওয়া এবং কোটি কোটি টাকার টিকিট কেলেঙ্কারির অভিযোগে যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কা থেকেই এবার বারাসত আদালতের দ্বারস্থ হলেন তিনি। সোমবার বারাসত জেলা আদালতে নিজের আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের (Anticipatory Bail) আবেদন জানিয়েছেন এই হেভিওয়েট নেতা।
মারাত্মক সব ধারায় এফআইআর দায়ের করেছেন শতদ্রু দত্ত
ঘটনার সূত্রপাত গত ১৭ মে। মেসিকে কলকাতায় নিয়ে আসার মূল কারিগর তথা ‘গোট’ কনসার্টের অন্যতম প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহতির ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে টিকিটে কালোবাজারি, তোলাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং প্রতারণার মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে। শতদ্রু দত্তর অভিযোগ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজের পদের অপব্যবহার করে মেসির এই মেগা ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট অবৈধভাবে কালোবাজারি করেছেন। সূত্রের খবর, এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেট খুব শীঘ্রই অরূপ বিশ্বাসকে তলব করতে পারে।
“অনুমতি ছাড়াই মেসির গায়ে হাত, গা জোয়ারি!”
বঙ্গে ক্ষমতা বদলের পর নতুন সরকার গঠিত হতেই যুবভারতীতে মেসির অনুষ্ঠান নিয়ে মুখ খোলেন শতদ্রু দত্ত। তাঁর বিস্ফোরক দাবি, “খেলার দিন কোনো রকম পাস বা অনুমতি ছাড়াই মাঠে নেমে লিওনেল মেসিকে ঘিরে ধরেছিলেন অরূপ বিশ্বাস। স্রেফ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও গা জোয়ারি করে তিনি মেসির একেবারে কাছাকাছি চলে যান এবং অনুমতি ছাড়াই বিশ্বজয়ী তারকার গায়ে হাত দেন।” শুধু অরূপ বিশ্বাসই নন, শতদ্রুর নিশানায় রয়েছেন জুঁই বিশ্বাসও। তাঁর আরও অভিযোগ, তৃণমূল জমানায় ইচ্ছাকৃতভাবেই মেসির মতো বিশ্বমানের মহাতারকার ইভেন্টে নিরাপত্তার বড়সড় গাফিলতি করা হয়েছিল।
ফাইল খোলার হুঙ্কার নিশীথের, সোশ্যালে ‘সত্যমেব জয়তে’
উল্লেখ্য, রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর নতুন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়েই নিশীথ প্রামাণিক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যুবভারতীতে মেসির অনুষ্ঠান নিয়ে যে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, তার ফাইল খুব শীঘ্রই খোলা হবে। সেই রাজনৈতিক আবহেই শতদ্রু দত্ত থানায় গিয়ে অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এফআইআর-এর কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শতদ্রু লিখেছেন, ‘সত্যমেব জয়তে’। একই সাথে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপি-কে (DGP) ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর এই সাঁড়াশি চাপের মুখেই এবার শ্রীঘর এড়াতে আদালতের দরজায় কড়া নাড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।






