রাজ্যের খবর

উত্তর হাওড়ার ‘ডন’ আকাশকে মাথা মুড়িয়ে-বিবস্ত্র করে রাজপথে হাঁটাল পুলিশ

উত্তরপ্রদেশের পর এবার যোগী মডেল বাংলায়? ডন আকাশ সিংয়ের ডানা ছাঁটতে চরম অ্যাকশনে পুলিশ!

Truth of Bengal: মাথা সম্পূর্ণ ন্যাড়া। পরনে স্রেফ একটা সাধারণ গেঞ্জি এবং অন্তর্বাস (আন্ডারওয়্যার)। মাথা নিচু করে লজ্জিত মুখে হেঁটে চলেছেন এক ব্যক্তি, আর তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন বন্দুকধারী পুলিশকর্মীরা। রবিবার ছুটির দিনে উত্তর হাওড়ার ব্যস্ত রাজপথে এই নজিরবিহীন দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন পথচলতি মানুষ। চোখের সামনে এমন হাড়হিম করা ঘটনা দেখে এলাকায় শুরু হয় তুমুল ফিসফাস। পরে জানা যায়, অর্ধনগ্ন অবস্থায় হেঁটে চলা ওই ব্যক্তি কোনো সাধারণ চোর-পকেটমার নন, তিনি হলেন উত্তর হাওড়া এলাকার এক সময়ের ত্রাস তথা কুখ্যাত ‘ডন’ আকাশ সিং।

কে এই আকাশ সিং? কেন এই চরম শাস্তি?

পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়া এবং সংলগ্ন এলাকায় অপরাধের সাম্রাজ্য চালাতেন এই আকাশ সিং। ২০২১ সালে প্রকাশ্য দিবালোকে খোদ পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর মারাত্মক অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, এলাকায় অন্তত ২০টিরও বেশি বোমাবাজি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রধান পাণ্ডা ছিলেন এই আকাশ। চলতি মে মাসের শুরুর দিকেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে।

রবিবার মূলত ২০২১ সালের সেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো সহ একাধিক অপরাধের ঘটনাস্থলগুলি পুনর্নির্মাণ (Crime Scene Reconstruction) করতেই আকাশকে লকআপ থেকে বের করে রাস্তায় নামানো হয়। তবে অপরাধীদের মনে আইনের ভয় ঢোকাতে এবং সমাজে কড়া বার্তা দিতেই ওঁর মাথা ন্যাড়া করে, স্রেফ গেঞ্জি ও অন্তর্বাস পরিয়ে রাজপথে ঘোরানো হয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

বাংলায় বিজেপি সরকার আসতেই বদলে গেল পুলিশের রূপ

ছাব্বিশের নির্বাচনে বাংলায় ক্ষমতার অলিন্দে বড়সড় বদল এসেছে। নতুন বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন যে, দুষ্কৃতী দমনে পুলিশকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দেওয়া হবে। বিশেষ করে পুলিশের ওপর কোনো ধরণের হামলা বা আইন অমান্য করা বরদাস্ত করা হবে না।

কয়েকদিন আগেই পার্ক সার্কাসের এক সভা থেকে শুভেন্দু অধিকারী গর্জে উঠে বলেছিলেন, “পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হবে, আর পুলিশমন্ত্রী এসি ঘরে বসে হাওয়া খাবেন, সেই দিন আর নেই।” মুখ্যমন্ত্রীর এই চরম হুঁশিয়ারির পরই হাওড়া পুলিশের এই ‘অ্যাকশন’ রূপ দেখে রীতিমতো কাঁপছে অপরাধী জগৎ। এই ঘটনার একটি ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যও। অপরাধ দমনে পুলিশের এই ‘দাবাং’ অবতার এখন নেটপাড়ায় ব্যাপক চর্চার বিষয়।

Related Articles