বিশ্বকাপের ট্রায়াল রুম এবার ঘরের মাঠ! অজিদের রুখতে শাহিন-বাবরদের নিয়ে বড় চাল পাজ কোচের
শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেই বোঝা যাবে কারা বড় মঞ্চের জন্য তৈরি
Truth of Bengal: আগামী এক দিনের বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গুছিয়ে নেওয়ার কাজে নেমে পড়েছে পাকিস্তান। আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চ হতে চলেছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ— এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তাঁর মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেই বোঝা যাবে কারা বড় মঞ্চের জন্য তৈরি।
৩০ মে থেকে শুরু হতে চলা তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন একাধিক পরিচিত মুখ। নেতৃত্বে থাকছেন শাহিন আফ্রিদি। দলে জায়গা পেয়েছেন বাবর আজম, হারিস রউফ, নাসিম শাহ, শাদাব খান ও সুফিয়ান মোকিম। অন্যদিকে বাংলাদেশ সিরিজে না থাকা কয়েকজনকেও ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন মুখও। হেসনের মতে, অস্ট্রেলিয়া এই সিরিজে বাড়তি তাগিদ নিয়ে নামবে। আগের সফরের স্মৃতি ভুলে নিজেদের প্রমাণ করতে চাইবে তারা। বিশেষ করে এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার শক্তি নিয়ে কোনও সংশয় নেই বলেই মনে করছেন তিনি।
তবে শুধু বর্তমান নয়, পাকিস্তান ভাবছে ভবিষ্যতের কথাও। কোচের স্পষ্ট বার্তা— একই ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে লাভ নেই, বরং দলকে বড় করতে হবে। বিশ্বকাপের আগে আরও বেশি ক্রিকেটারকে সুযোগ দিয়ে সেরা সমন্বয় খুঁজে বের করাই এখন লক্ষ্য। তরুণদের নিয়েও ধৈর্য ধরার কথা বলেছেন হেসন। আন্তর্জাতিক ক্রিকেটে নামলেই সবাই সফল হবে না, কিন্তু সময় আর সুযোগ পেলে তারাই আগামী দিনের ভরসা হয়ে উঠতে পারে— এমনটাই বিশ্বাস পাকিস্তান শিবিরের।






