রাজ্যের খবর

প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ

বিধানসভার অলিন্দে ‘গেরুয়া’ রাজ! প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের

Truth of Bengal: বিধানসভা নির্বাচনের পর বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক সমীকরণ। মঙ্গলবার লোক ভবনের রাজকীয় পরিবেশে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়। রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এদিন সকালেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণে যোগ দিতে গুয়াহাটি গিয়েছিলেন শুভেন্দু, সেখান থেকে ফিরেই সরাসরি পৌঁছান লোক ভবনে।

গেরুয়া আলোয় সেজেছে বিধানসভা

রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর থেকেই বিধানসভা চত্বরের ভোল বদলে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা হতেই দেখা যায়, গোটা বিধানসভা চত্বর সেজে উঠেছে উজ্জ্বল গেরুয়া আলোয়। এমনকি লোক ভবনের বাইরের গার্ডরেলগুলিতেও লেগেছে গেরুয়া রঙের ছোঁয়া। এই বদল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বিধায়কদের শপথের সময়সূচি

প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায় এবার নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯০ জন বিধায়ক বুধবার ও বৃহস্পতিবার শপথ নেবেন।

  • বুধবার প্রথমার্ধ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যান্য মন্ত্রী এবং উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের বিধায়করা।

  • বুধবার দ্বিতীয়ার্ধ: নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিজয়ী প্রার্থীরা।

  • বৃহস্পতিবার প্রথমার্ধ: কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিধায়করা।

  • বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধ: পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের বিধায়করা।

শুক্রবার স্পিকার নির্বাচন ও শুভেন্দুর পদত্যাগ জল্পনা

১৫ মে, শুক্রবার বিধানসভার স্থায়ী স্পিকার নির্বাচন করা হবে। সূত্রের খবর, তাপস রায়কেই এই পদের জন্য মনোনীত করা হতে পারে। আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে আসছে, স্পিকার নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিতে পারেন। যেহেতু তিনি দুটি আসন থেকে জিতেছেন, তাই নিয়ম অনুযায়ী একটি আসন তাঁকে ছাড়তে হবে।

Related Articles