‘ঘর থেকে বের করে খেলা হবে!’, তৃণমূলের ফেসবুক পোস্টে তোলপাড় দুবরাজপুর
বিজেপির অভিযোগ, 'ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল', কমিশনে নালিশ গেরুয়া শিবিরের
পার্থ দাস, বীরভূম: ভোট গণনার কয়েক ঘণ্টা আগে বীরভূমের দুবরাজপুরে রাজনৈতিক পারদ তুঙ্গে। সৌজন্যে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজ। রবিবার ওই পেজে ‘খেলা হবে’, ‘ভয়ংকর খেলা হবে’, এবং সবথেকে বিতর্কিত ‘ঘর থেকে বের করে এনে খেলা হবে’, এই মর্মে বেশ কিছু পোস্ট করা হয়। তৃণমূলের এই ফেসবুক পোস্টগুলি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং বিরোধীরা আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হয়। যদিও বিতর্ক বাড়ার কিছুক্ষণের মধ্যেই ওই পোস্টগুলি ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়।
বিজেপি এই পোস্টগুলিকে সাধারণ ভোটার ও বিরোধী কর্মীদের প্রতি সরাসরি ‘হুমকি’ হিসেবে দেখছে। বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ও দুবরাজপুর শহর মণ্ডল ৬-এর বিজেপি সভাপতি দেবজ্যোতি সিং তৃণমূলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেস এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দেবজ্যোতি সিংয়ের দাবি, এই ফেসবুক পেজটির নেপথ্যে ১২ নম্বর ওয়ার্ডের ঋজু দাস নামে এক যুবকের যোগসূত্র রয়েছে। বিজেপি নেতা আরও বলেন, “দুবরাজপুর আমাদের শক্ত ঘাঁটি, তাই তৃণমূল আমাদের কর্মীদের ভয় দেখিয়ে বসিয়ে দেওয়ার জন্য এই ধরনের উস্কানিমূলক বার্তা ছড়িয়েছে।” এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।
পাল্টা জবাবে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, বিজেপি অকারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, “গত ১৫ বছর ধরে আমরা দুবরাজপুরে ক্ষমতায় আছি এবং কোনও অন্যায় বা অত্যাচার হয়নি। আমরা কোনও সহিংসতায় বিশ্বাস করি না।” স্বরূপ আচার্যর কথায়, তাদের ‘খেলা হবে’ মানে হল শান্তির খেলা, আবির নিয়ে খেলা। তিনি বলেন, “আমরা রবীন্দ্রনাথের গান গেয়ে এবং সবুজ আবির মেখে উৎসব করতে চাই। বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।”
উল্লেখ্য, ভোট গণনার আগের দিন এই সোশ্যাল মিডিয়া যুদ্ধ এবং রাজনৈতিক চাপানউতোর দুবরাজপুরের সাধারণ ভোটারদের মনেও যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যেন গণনার দিন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। সোমবারের চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে বীরভূমের এই দুবরাজপুর কেন্দ্রটি এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে।






