রাজ্যের খবর

সোনামুখীর পর এবার বাঁকুড়া পুরসভায় ধাক্কা, ইস্তফা দিলেন পৌরপ্রধান অলকা সেন মজুমদার

সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই আমি পদত্যাগ করেছি। দল আগামী দিনে যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব

Truth of Bengal: রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভায় ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলার সোনামুখী পুরসভার পর এবার নজরে বাঁকুড়া পুরসভা। বুধবার আচমকাই পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন অলকা সেন মজুমদার। বাঁকুড়া সদর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। পদত্যাগের পর অলকা সেন মজুমদার বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। ব্যক্তিগত কিছু কারণ এবং সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই আমি পদত্যাগ করেছি। দল আগামী দিনে যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব।”

উল্লেখ্য, এর আগে সোনামুখী পুরসভার পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন। এবার বাঁকুড়া পুরসভার চেয়ারম্যানের পদত্যাগে জেলার পুর রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হল। ২০২২ সালে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠনের পর বাঁকুড়া পুরসভার পৌরপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন অলকা সেন মজুমদার। তবে গত কয়েক বছরে এই পুরসভাকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। বোর্ডের অভ্যন্তরীণ মতবিরোধ, কাউন্সিলরদের ক্ষোভ, উন্নয়নমূলক কাজ নিয়ে অসন্তোষ এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে বারবার চাপের মুখে পড়তে হয়েছে পুর কর্তৃপক্ষকে।

রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া পুরসভা আরও বেশি করে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে আসে। কখনও বোর্ড পরিচালনা নিয়ে বিতর্ক, কখনও দলীয় কোন্দল, আবার কখনও বিভিন্ন ওয়ার্ডে কাজের গতি নিয়ে প্রকাশ্য অসন্তোষ সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে অলকা সেন মজুমদারের পদত্যাগকে নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।