ভোটের সকালে হঠাৎ শুভেন্দুকে ফোন শাহের, কী কথা হল দুজনের?
একুশের ভুল থেকে শিক্ষা! দিল্লিতে বসেই বাংলার ভোট সামলাচ্ছেন শাহ
Truth of Bengal: একুশের বিধানসভা নির্বাচনে ‘আবকি বার ২০০ পার’-এর হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু সেবার আশি গণ্ডিও পেরোতে পারেনি গেরুয়া শিবির। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবার ২০২৬-এর বাংলা দখলে কার্যত ‘মরণকামড়’ দিচ্ছে বিজেপি। তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় দিল্লি, আর তাই ছাব্বিশের রণক্ষেত্রে কোমর বেঁধে নেমেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ স্বয়ং। গত কয়েক দিনে কার্যত ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করেছেন এই দুই হেভিওয়েট নেতা।
বাংলার প্রতিটা কোণায় পৌঁছে যেতে শাহ ও মোদি একদিনে তিন থেকে চারটি করে জনসভা করেছেন। দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং ভোটারদের মন জয় করতে উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই চষে ফেলেছেন তাঁরা। টানা তিন দিন বাংলায় পড়ে থেকে ভোট প্রচারের সুর বেঁধে দিয়ে গত ২৭ তারিখ দিল্লি ফিরেছেন শাহ। তবে সশরীরে দিল্লিতে থাকলেও, স্বরাষ্ট্রমন্ত্রীর মন পড়ে রয়েছে বাংলাতেই। রাজধানী থেকেই প্রতি মুহূর্তের ভোট পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন তিনি।
বিজেপি সূত্রের খবর, দিল্লিতে বসেই বাংলার বিভিন্ন বুথের গ্রাউন্ড রিপোর্ট নিচ্ছেন অমিত শাহ। দ্বিতীয় দফার এই হাইভোল্টেজ নির্বাচনে গেরুয়া শিবিরের রণকৌশল কতটা সফল হচ্ছে, তার খতিয়ান নিচ্ছেন শাহ-মোদির বিশেষ টিম। একুশের পরাজয়ের গ্লানি মুছে ছাব্বিশে নবান্নের চাবিকাঠি কি শেষ পর্যন্ত পদ্ম শিবিরের হাতে আসবে? বঙ্গ রাজনীতির অলিন্দে এখন এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে।






