ভোটের মুখে ‘টার্গেট’ ফিরহাদ! চেতলার বাড়িতে ঢুকে মেয়রকে ধমকাধমকি বাহিনীর
গভীর রাতে ববি হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী! মেয়রের চোখেমুখে নকশাল আমলের আতঙ্ক?
Truth of Bengal: নির্বাচনী নির্ঘণ্টের শেষলগ্নে এবার খোদ কলকাতার মেয়রের ড্রয়িংরুমে হানা দিল কেন্দ্রীয় বাহিনী! সোমবার রাতে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছে গেলেন পুলিশ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনীর কম্যান্ডাররা। গভীর রাতে এই অতর্কিত ‘পরিদর্শন’ এবং মেয়রের সঙ্গে বাহিনীর বাদানুবাদকে কেন্দ্র করে এখন সরগরম রাজ্য রাজনীতি। ফিরহাদের অভিযোগ, তাঁকে রীতিমতো ‘ধমক’ দিয়েছে কমিশন নিযুক্ত আধিকারিকরা।
তৃণমূল শিবিরের অভিযোগ, সোমবার রাত বাড়তেই ফিরহাদ হাকিমের বাড়িতে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁদের দাবি, এলাকায় কোনও অশান্তি হলে তার দায় মেয়রের ওপর বর্তাবে এবং এর ফল ‘বুঝে নেওয়া হবে’ বলে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর এই রুদ্রমূর্তি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন ফিরহাদ। তাঁর সাফ কথা, “সেই নকশাল আমলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমাকে এসে ধমকাচ্ছে! চেতলায় কোনও দিন কোনও অশান্তি হয়নি, সবাই জানে। অথচ হুমকি দিয়ে বলা হচ্ছে কিছু হলে বুঝে নেওয়া হবে।”
নির্বাচন কমিশনের এই অতি-সক্রিয়তাকে ‘ভীতি প্রদর্শন’ হিসেবেই দেখছে শাসক দল। ফিরহাদের সমর্থনে সরব হয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে জন প্রতিনিধিদের মনোবল ভাঙার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে, কমিশনের পাল্টা যুক্তি, সুষ্ঠু ও অবাধ ভোট করানোর স্বার্থে স্পর্শকাতর এলাকার প্রার্থীদের ওপর নজরদারি চালানো একটি রুটিন প্রক্রিয়া মাত্র। তবে ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে মেয়রের বাড়িতে বাহিনীর এই প্রবেশ যে মোটেও ‘স্বাভাবিক’ নয়, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শহর কলকাতায়।






