রাজ্যের খবর

ভোটের আগেই উত্তপ্ত নন্দীগ্রাম! মাঝরাতে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, সুফিয়ানের বিরুদ্ধে বড় অভিযোগ

থানায় নালিশ জানাতেই হামলার শিকার? আব্বাস বেগের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, কাঠগড়ায় শেখ সুফিয়ান।

রঞ্জন মাইতি, নন্দীগ্রাম: বাংলার মসনদ কার দখলে যাবে, তা নির্ধারণে বারবার নির্ণায়ক ভূমিকা নিয়েছে নন্দীগ্রাম। ২০২১-এর সেই হাই-ভোল্টেজ ‘মমতা বনাম শুভেন্দু’ লড়াইয়ের পর এবার ২০২৬-এও সেই একই চেনা ছন্দে ফুটছে নন্দীগ্রামের রাজনীতির মাটি। এবার লড়াই আরও নাটকীয়, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে তাঁরই একসময়ের ছায়াসঙ্গী তথা বর্তমান তৃণমূল প্রার্থী পবিত্র কর। আর ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, নন্দীগ্রামে অভিযোগ-পাল্টা অভিযোগ আর বোমাবাজির শব্দে ভারী হচ্ছে রাতের আকাশ।

এবারের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ নন্দীগ্রাম থানায় তৃণমূলের দাপুটে নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আব্বাসের দাবি, গত ১৫ এপ্রিল নয়নানে একটি পথসভা থেকে পবিত্র করের সমর্থনে ভাষণ দেওয়ার সময় শেখ সুফিয়ান তাঁকে উদ্দেশ্য করে কুৎসিত গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।

বিতর্ক কেবল কথাতেই থেমে থাকেনি। আব্বাসের অভিযোগ, থানায় সুফিয়ানের বিরুদ্ধে নালিশ জানানোর পরেই বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে তাঁর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয় বলে দাবি করেছেন এই বিজেপি নেতা। খবর পেয়ে রাতেই নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী আব্বাসের বাড়িতে পৌঁছায়। তল্লাশি চালিয়ে বাড়ির পাশ থেকেই বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আব্বাস বেগ কোনও নেতাই নন। আমি আমার ভাষণে কারও নাম ধরে কোনও হুমকি দিইনি। যদি কেউ অভিযোগ করে থাকে, তবে তিনি হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিন। আসলে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এখন নাটক সাজাচ্ছে।”

নন্দীগ্রাম থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও গোটা এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, নন্দীগ্রামের প্রতিটি মোড়ে এখন শুধুই বারুদের গন্ধ আর রাজনৈতিক সমীকরণের টানটান উত্তেজনা।