খেলা

মুকুলকে নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর, তবু শুনল না কলকাতা

১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল ধীর।

Truth Of Bengal: সব ইঙ্গিত যেন আগেই স্পষ্ট ছিল, কিন্তু তা গুরুত্ব দেয়নি কেউ। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে এক অবিশ্বাস্য ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দিলেন মুকুল চৌধুরী। লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নেমে তিনি যেন একাই বদলে দিলেন ম্যাচের গল্প।

১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল ধীর। কিন্তু সময় গড়াতেই বদলে যায় ছবিটা। ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে দলকে জয় এনে দেন তিনি। মাঠজুড়ে তাঁর ব্যাটের দাপট দেখে অনেকেই অবাক, যেন হঠাৎ করেই উঠে এলেন তিনি। কিন্তু দলেরই আরেক তরুণ ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই ঝড়ের।

এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, অনুশীলন ম্যাচেই তিনি মুকুলের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাঁর মতে, মুকুল এমন এক ব্যাটার, যিনি মাঠের চারদিকেই সমান দক্ষতায় শট খেলতে পারেন। স্কোয়ার লেগ থেকে পয়েন্ট, এমনকি বোলারের মাথার ওপর দিয়েও অনায়াসে ছক্কা মারার ক্ষমতা রয়েছে তাঁর। সেই কথাই যেন হুবহু প্রমাণ হয়ে গেল ম্যাচের দিন।

শেষ চার ওভারে যখন জয়ের জন্য দরকার ছিল ৫৪ রান, তখন পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। সামনে ছিলেন অভিজ্ঞ বোলাররা, চাপও ছিল তুঙ্গে। কিন্তু সেই চাপকে একেবারেই পাত্তা দেননি মুকুল। নিজের স্বাভাবিক খেলায় ভর করে মাঠের চারদিকে শট খেলতে থাকেন এবং ধীরে ধীরে ম্যাচকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

ম্যাচ শেষে দলের অধিনায়ক ঋষভ পন্থও মুকুলের প্রশংসায় মুগ্ধ। তিনি জানান, এই ইনিংসকে ভাষায় বর্ণনা করা কঠিন। পন্থের মতে, একজন খেলোয়াড়ের উপর ভরসা রাখলে সে কত বড় কিছু করে দেখাতে পারে, মুকুল তারই উদাহরণ। এই ধরনের পারফরম্যান্সই দলকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে।