নির্বাচনী আবহে কারাগারে কড়া নজরদারি, নির্দেশ কমিশনের
অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে জেলগুলিতে বিশেষ সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি
Truth of Bengal: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সমস্ত কারাগার ও সংশোধনাগারে কড়া নিরাপত্তা ও নজরদারির নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে জেলগুলিতে বিশেষ সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল—দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৪ মে এবং সমগ্র নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে ৬ মে।

এই প্রেক্ষিতে জেল প্রশাসনকে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জেলে নিয়মিত ও আকস্মিক তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা সুপারিনটেনডেন্ট পর্যায়ের আধিকারিকদের নেতৃত্বে এই তল্লাশি চলবে। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনও বন্দিকে প্যারোলে অস্থায়ী মুক্তি দেওয়া যাবে না। জেলগুলিতে বসানো মোবাইল ও সিগন্যাল জ্যামারগুলি সর্বদা সচল রাখতে হবে। মোবাইল ফোন, সিম কার্ড, চার্জার, নগদ অর্থ, মাদক বা অন্যান্য বেআইনি সামগ্রী উদ্ধারের জন্য নিয়মি ত তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।







