খেলা

হারের হ্যাটট্রিক রুখতে মরিয়া কেকেআর! ২৫ কোটির গ্রিন ও ‘অকেজো’ বিদেশিকে ছাঁটবে নাইটরা?

সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামার আগে নাইট শিবিরে এখন ‘করো অথবা মরো’ পরিস্থিতি।

Truth of Bengal: টানা দুই ম্যাচে হার, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতা নাইট রাইডার্সের দেওয়ালে এখন পিঠ ঠেকে গিয়েছে। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামার আগে নাইট শিবিরে এখন ‘করো অথবা মরো’ পরিস্থিতি। অধিনায়ক অজিঙ্কা রাহানে আগেই ইঙ্গিত দিয়েছিলেন দলে রদবদলের। সোমবারের মেগা ম্যাচে হারের হ্যাটট্রিক রুখতে ২৫ কোটি টাকার তারকা ক্যামেরন গ্রিন থেকে শুরু করে ‘বুড়ো ঘোড়া’ সুনীল নারিন- ছেঁটে ফেলা হতে পারে বড় বড় নাম।

কেকেআর থিঙ্কট্যাঙ্কের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্যামেরন গ্রিন। বিপুল অর্থে দলে নিলেও প্রথম দুই ম্যাচে অলরাউন্ডারের ছিটেফোঁটাও দেখা যায়নি তাঁর মধ্যে। বল হাতে তাঁকে ব্যবহার করা হচ্ছে না, আর ব্যাট হাতেও রান নেই। সূত্রের খবর, গ্রিনের জায়গায় দলে আসতে পারেন ক্যারিবিয়ান পাওয়ার-হিটার রভমান পাওয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী ফর্মে থাকা পাওয়েল কেবল বড় শটই খেলেন না, দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ওভারও করে দিতে পারেন।

অন্যদিকে, কেকেআরের দীর্ঘদিনের ভরসা সুনীল নারিন এখন দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বলের বিষ কমেছে, ব্যাটেও নেই সেই চেনা দাপট। নারিনের বিকল্প হিসেবে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রকে খেলানোর পরিকল্পনা করছে কেকেআর। রাচিন আসায় টপ অর্ডার যেমন শক্তিশালী হবে, তেমনই তাঁর বাঁ-হাতি স্পিন ইডেনের উইকেটে কার্যকর হতে পারে।

বোলিং বিভাগে ভারসাম্য আনতে কার্তিক ত্যাগীকে বসিয়ে রাহুল ত্রিপাঠীকে ফেরানোর সম্ভাবনাও প্রবল। এতে ব্যাটিংয়ের গভীরতা যেমন বাড়বে, তেমনই রমনদীপ সিং ও পাওয়েল মিলে পঞ্চম বোলারের অভাব পূরণ করতে পারবেন। বিদেশের কোটায় ফিন অ্যালেন এবং ব্লেসিং মুজারাবানিকে অদলবদল করে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহারের ছক কষছেন অভিষেক নায়াররা। সোমবার পঞ্জাব বধে নাইটদের এই নতুন ব্লু-প্রিন্ট কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে সমর্থকেরা।

কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার: ব্লেসিং মুজারাবানি।

Related Articles