নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, শাস্তির মুখে বিডিও সায়ন্তন ভট্টাচার্য
বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে
Truth Of Bengal: রানাঘাটে নির্বাচনী প্রশিক্ষণ চলাকালীন বিশৃঙ্খলা ও হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। গত ২৭ মার্চ রানাঘাটে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলাকালীন এক শিক্ষক আক্রান্ত হওয়ার ঘটনায় নদীয়ার হাঁসখালি ব্লকের বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই দিন প্রশিক্ষণ চলাকালীন যে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে বিডিও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং প্রয়োজনীয় প্রোটোকল মেনে চলেননি।
— TOB DIGITAL (@DigitalTob) March 31, 2026
ঘটনাটির সূত্রপাত রানাঘাটের একটি প্রশিক্ষণ শিবিরে, যেখানে শিক্ষক সাইকত চট্টোপাধ্যায় মারাত্মকভাবে জখম হন। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইতিপূর্বেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রশাসনিক আধিকারিকদের এহেন গাফিলতি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে কলুষিত করে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে কমিশন অবিলম্বে ওই আধিকারিককে বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে।
একইসঙ্গে আগামী ১ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়ার প্রাক্কালে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনিক কাজে কোনো প্রকার শিথিলতা যে বরদাস্ত করা হবে না, এই নির্দেশের মাধ্যমে কমিশন সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই নির্দেশ কার্যকর করার জন্য জানানো হয়েছে।






