কলকাতা

কলকাতায় এসে মেট্রোতে যাত্রীদের সঙ্গে আড্ডা রেলমন্ত্রীর, চড়লেন অটোতেও

মেট্রো স্টেশন থেকে তিনি অটোয় চেপে প্রমোদনগরে পৌঁছন

Truth of Bengal: নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কলকাতায় এক ভিন্ন মেজাজে দেখা গেল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। শনিবার কলকাতা বিমানবন্দরে নামার পর সরাসরি সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশনে পৌঁছে যান তিনি। সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। মেট্রো পরিষেবা নিয়ে সাধারণ যাত্রীদের মতামতও শোনেন তিনি।এরপর জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে মেট্রোয় চেপে রওনা দেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। যাত্রাপথে বেশ কয়েকজন যাত্রী মেট্রো পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। মেট্রো করেই রেলমন্ত্রী পৌঁছন নোয়াপাড়া স্টেশনে।

নোয়াপাড়া এলাকায় গাড়ির অতিরিক্ত চাপ তৈরি হলে স্থানীয়দের যাতে অসুবিধা না হয়, সেই কারণেই তাঁর কনভয় প্রমোদনগর এলাকায় রাখা হয়। মেট্রো স্টেশন থেকে তিনি অটোয় চেপে প্রমোদনগরে পৌঁছন। সেখান থেকে নবান্নের উদ্দেশে রওনা দেন রেলমন্ত্রী। নিরাপত্তার বাড়তি আড়ম্বর এড়িয়ে, ট্র্যাফিক নিয়ম মেনে সাধারণ মানুষের মতোই তাঁকে নবান্নে পৌঁছতে দেখা যায়। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের রেল পরিকাঠামো, মেট্রো সম্প্রসারণ এবং শহরাঞ্চলের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

কলকাতা মেট্রোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানান, কলকাতা মেট্রোর উন্নয়নে প্রায় ৬০টি নতুন প্রজন্মের ট্রেন আনার পরিকল্পনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই ট্রেনগুলি পরিষেবায় যুক্ত হতে পারে। তাঁর কথায়, এতে কলকাতার যাতায়াত ব্যবস্থা নতুন গতি পাবে। রেলমন্ত্রী আরও জানান, চিংড়িঘাটা এলাকার কাজ সম্পূর্ণ হলে শহরের পূর্বাংশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। কলকাতার মেট্রো নেটওয়ার্ক এবং রেল সংযোগ উন্নত করতে একাধিক প্রকল্প হাতে নিয়েছে রেলমন্ত্রক। নবান্ন বৈঠকে সেই প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles