শিল্পোন্নয়নে জোর, এলঅ্যান্ডটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক
বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্প পুনরুত্থান, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Truth of Bengal: পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী লার্সেন অ্যান্ড টুব্রো এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এন সুব্রামানিয়াম এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্প পুনরুত্থান, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা, বৃহৎ শিল্প বিনিয়োগ আকর্ষণ এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। বিশেষভাবে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিল্প বিকাশের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে বিপুল সম্ভাবনা রয়েছে এবং দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রাজ্যের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শিল্প, অবকাঠামো এবং বিনিয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগের মাধ্যমে রাজ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, এলঅ্যান্ডটি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল ও অবকাঠামো সংস্থা। শিল্প ও পরিকাঠামো উন্নয়নে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও শিল্প প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিল্পমহল।






