Truth of Bengal: বাংলার বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক দলবদল এবং তারকা যোগদানের পালায় যোগ হল এক নতুন মাত্রা। জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে দিল্লির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন বিশ্বখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে লিয়েন্ডারের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
লিয়েন্ডারকে দলে স্বাগত জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, “লিয়েন্ডার পশ্চিমবঙ্গের ভূমিপুত্র। তাঁর পরিবারের সঙ্গে বাংলার সংস্কৃতির গভীর যোগ রয়েছে, তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। লন টেনিসে তাঁর কৃতিত্ব দেশের অগণিত যুবক-যুবতীকে অনুপ্রাণিত করেছে।” আসন্ন নির্বাচনে লিয়েন্ডার বিজেপির হয়ে বড় ভূমিকা পালন করবেন বলে আশাপ্রকাশ করেন তিনি। সুকান্তের মতে, এই যোগদান প্রমাণ করে যে বাংলার রাজনৈতিক হাওয়া এখন বিজেপির অনুকূলে।
বিজেপিতে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিয়েন্ডার পেজও। তিনি বলেন, “৪০ বছর ধরে টেনিস কোর্টে দেশের সেবা করেছি। আজ আমার জীবনের এক বড় দিন, কারণ রাজনীতির ময়দানে দেশ ও দেশবাসীর সেবা করার নতুন সুযোগ পেলাম।” খেলোয়াড় হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, বাংলা তথা দেশে ক্রীড়া পরিকাঠামোর আরও উন্নতির প্রয়োজন রয়েছে এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করতে চান।
উল্লেখ্য, লিয়েন্ডারের এই যোগদান হঠাৎ করে নয়। সূত্রের খবর, প্রায় আট মাস আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু হয়েছিল। গত সপ্তাহে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় নেতাদের সঙ্গে তাঁর বৈঠকেই বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। যদিও রাজনীতির আঙিনায় লিয়েন্ডার একেবারে নতুন নন। এর আগে ২০২১ সালে গোয়া বিধানসভা নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে ঘাসফুল শিবিরে তাঁকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি।
অন্যদিকে, লিয়েন্ডারের বিজেপিতে যোগদান নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমে শাসকদলের পক্ষ থেকে ব্যঙ্গ করে লেখা হয়েছে, “অভিনন্দন বিজেপি! শেষ পর্যন্ত আপনারা গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে খুঁজে পেলেন।” পাশাপাশি লিয়েন্ডারকে ‘বহিরাগত’ তকমা দিয়ে বিজেপিকে আক্রমণ শানাতে ছাড়েনি তারা। সব মিলিয়ে ভোটমুখী বাংলায় লিয়েন্ডারের পদ্ম-শিবিরে প্রবেশ রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।






