তৃণমূলের নতুন স্লোগানেই বাজিমাত, “খেলা হবে” থেকে এবার “সাপ-লুডো”
বিভিন্ন প্রকল্পগুলোকে ‘উন্নয়নের সিঁড়ি’ হিসেবে দেখানো হয়েছে
Truth Of Bengal: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশলে ফের চমক দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের ‘খেলা হবে’ স্লোগানের সাফল্যের পর এবার প্রচারের ময়দানে নামানো হয়েছে অভিনব এক ‘সাপ-লুডো’। তৃণমূলের এই নতুন প্রচার কৌশলে রাজনীতির লড়াইকে আক্ষরিক অর্থেই খেলার ছলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তৃণমূলের প্রকাশিত এই সাপ-লুডোর বোর্ডে ১ থেকে ১০০ পর্যন্ত ঘর রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে ‘উন্নয়নের সিঁড়ি’ হিসেবে দেখানো হয়েছে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাচ্ছে হাসিমুখের উপভোক্তাদের ছবি। অন্যদিকে, রাজনৈতিক প্রতিপক্ষকে বিঁধতে বোর্ডটিতে সাপের মুখ হিসেবে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতাদের ছবি। এই সাপের মুখে পড়লে খেলোয়াড় অর্থাৎ সাধারণ মানুষকে নিচে নেমে আসতে হবে, যা মূলত ‘কেন্দ্রীয় বঞ্চনা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দলের একাংশের মতে, সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সাফল্য এবং বিরোধী শিবিরের সীমাবদ্ধতা সহজভাবে তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ। গত পাঁচ বছরে রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালন থেকে শুরু করে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এবার সরাসরি নির্বাচনী বৈতরণী পার হতে সাপ-লুডোর এই চাল ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। আগামী ৮ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশের প্রাক্কালে এই প্রচার কৌশল রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।






