“আমাকে মারার প্ল্যান হচ্ছে?” ‘ব্যান্ডেজ’ বিতর্কে শাহকে পাল্টা তোপ মমতার
ব্যান্ডেজ’ নিয়ে করা শাহের বিদ্রূপের জবাবে পাল্টা আক্রমণ শাণিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, "আমাকে মারার প্ল্যান করছে নাকি?"
Truth of Bengal: পুরুলিয়ার জনসভা থেকে সরাসরি প্রাণনাশের আশঙ্কার কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারের পাথরকাটা ফুটবল ময়দানে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া সমালোচনা করেন তিনি। তাঁর আঘাত এবং ‘ব্যান্ডেজ’ নিয়ে করা শাহের বিদ্রূপের জবাবে পাল্টা আক্রমণ শাণিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “আমাকে মারার প্ল্যান করছে নাকি?”
শনিবার কলকাতায় এক সভায় অমিত শাহ তৃণমূল নেত্রীর চোট পাওয়াকে ‘ভিকটিম কার্ড’ হিসেবে অভিহিত করেছিলেন। তিনি দাবি করেন, ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় কখনও পা ভাঙা বা কখনও মাথায় ব্যান্ডেজ বেঁধে সহমর্মিতা আদায়ের চেষ্টা করেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুরুলিয়ার মাটি থেকে সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান মমতা। তিনি পাল্টা তোপ দেগে বলেন, “ওরে অপদার্থ, আমি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছি। হাসপাতালে গিয়ে রিপোর্ট নাও।”
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানান, তাঁর শারীরিক আঘাত নিয়ে বিদ্রূপ করা কেবল চরিত্র হনন নয়, বরং এর নেপথ্যে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। একুশের বিধানসভা নির্বাচনের স্মৃতি উসকে দিয়ে তিনি বলেন, “সেবার ইচ্ছে করে পায়ে চোট করিয়েছিলে, তাই হুইলচেয়ারে প্রচার করতে হয়েছিল।” তিনি আরও যোগ করেন, অপরাধীরা অপরাধ করার পর কিছু না কিছু চিহ্ন রেখে যায় এবং এই ধরণের মন্তব্যই সেই ষড়যন্ত্রের ইঙ্গিত।
বিজেপি সরকারকে আক্রমণ করার পাশাপাশি এদিন মমতা তাঁর সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন। তবে তাঁর ভাষণের কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পেশ করা ‘জনতার চার্জশিট’-এর পাল্টা জবাব। আধ্যাত্মিক সুর টেনে তিনি বলেন, “রাখে কৃষ্ণ মারে কে?” অর্থাৎ, কোনো ষড়যন্ত্রই তাঁর পথ আটকাতে পারবে না বলেই আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী।






