রাজ্যের খবর

উত্তপ্ত কাকদ্বীপ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত একাধিক

শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়

গোপাল শীল, দক্ষিণ 24 পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে শাসক দল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এক রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে বিধায়ক মন্টুরাম পাখিরার অনুগামী এবং মথুরাপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি দেবাশীষ দাসের অনুগামীদের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। সেই বিবাদই গতকাল রাতে প্রকাশ্য রাজপথে আছড়ে পড়ে।

কাকদ্বীপের শ্মশান কালী মন্দিরের নিকটবর্তী এলাকায় গতকাল রাতে দুই পক্ষের কর্মী-সমর্থকরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও দ্রুত তা হাতাহাতি এবং লাঠি-সোটা নিয়ে হামলায় পরিণত হয়। অন্ধকারাচ্ছন্ন এলাকায় আচমকা এই সংঘর্ষে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। কিন্তু পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এলাকায় শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়।

এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, দলীয় কর্মসূচির নিয়ন্ত্রণ এবং এলাকায় নিজেদের প্রাধান্য বজায় রাখাকে কেন্দ্র করেই দুই নেতার অনুগামীদের মধ্যে এই বিরোধ দীর্ঘদিনের। প্রকাশ্য রাস্তায় এই ধরণের ঘটনা ঘটায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং নতুন করে কোনো অশান্তি যাতে না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। তৃণমূলের উচ্চ নেতৃত্ব এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, স্থানীয় স্তরে এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো প্রশাসনের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Related Articles