কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা তছরুপ! ভোটের আগে বিপাকে মালদার বিজেপি বিধায়ক
Truth of Bengal, Malda: ৯৭ কোটি টাকা তছরূপের অভিযোগ বিজেপির মালদা বিধানসভার বিধায়ক তথা আসন্ন বিধানসভার প্রার্থী গোপাল চন্দ্র সাহার বিরুদ্ধে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আদিবাসীদের উন্নত শিক্ষার জন্য একলব্য নবোদয় প্রকল্প চালু করেন। ত্রিপুরায় তাঁর পরিকাঠামো গঠনের জন্য ৯৭ কোটি টাকা মঞ্জুর করে।
বিজেপি করার সুবাদে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সৌজন্য একলব্য বিদ্যালয় প্রকল্পের বরাত পান গোপাল চন্দ্র সাহার স্ত্রী সত্যদেব সাহা কনস্ট্রাকশনের কর্ণধার জ্যোৎস্না সাহা। অভিযোগ এই প্রকল্পটিও বাস্তবে কোনও অস্তিত্ব নেই। কার্যত কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ তছরূপ করেছেন গোপাল চন্দ্র সাহা। আর যা ঘিরে বিধানসভা নির্বাচনে আগে শুরু হয়েছে জোর বিতর্ক।
বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই মালদা বিধানসভার প্রার্থী গোপাল চন্দ্র সাহা দাবি করেন, তিনি কোনও অর্থ তছরূপ করেননি। তিনি চ্যালেঞ্জ করে জানান, যাঁরা অভিযোগ করছেন তাঁরা প্রমান করতে পারবেন না।
পুরাতন মালদার ব্লক সভাপতি সুদীপ্ত রায় জানান দেশের প্রধানমন্ত্রী ‘সবকা সাথ সবকা বিকাশ’ এই তথ্যে বিশ্বাসী। কিন্তু মালদা বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক গোপাল চন্দ্র সাহা ‘সবকা সর্বনাশ আপনা বিকাশে’ বিশ্বাসী। সুদীপ্তবাবুর অভিযোগ একই পরিবারের নামে গ্যাসের ডিস্ট্রিবিউটর হলে পেট্রল পাম্পের অনুমোদন হয় না। কিন্তু গোপালবাবুর পরিবারের নামে দুটোই রয়েছে। পাশাপাশি একলব্য বিদ্যালয় প্রকল্পের কাজের বরাতের টাকা তছরূপ করেছেন। পাঁচ বছর পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি ও বিধায়কের দায়িত্ব পেয়েও এলাকার উন্নয়নে ব্যর্থ। তিনি শুধু আপনা বিকাশই করেছেন। বিধানসভা নির্বাচনে আগে এই ইস্যুতেই সরগরম মালদা বিধানসভা।






